বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পকে নিয়ে রিপাবলিকান শিবিরে হতাশা

donald-trumpআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে নিজ দল রিপাবলিকান শিবিরে হতাশা বাড়ছে।
ট্রাম্প বলছেন, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তাঁকে হারাতে কারচুপি হতে পারে।
ট্রাম্পের যোগ্যতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
নির্বাচনের এখনো তিন মাস বাকি। এর মধ্যেই নানা নাটকীয়তা চরম পর্যায়ে পৌঁছেছে।
ট্রাম্পের উদ্ধত আচরণ ও বেফাঁস মন্তব্যে দিশেহারা রিপাবলিকান পার্টি। দলটির গুরুত্বপূর্ণ নেতারা প্রকাশ্যে ট্রাম্পের পক্ষে নেই। আবার দলে প্রতিষ্ঠিত নেতাদের জোট বেঁধে বিরোধিতাও দেখা যাচ্ছে না।
মার্কিন গণমাধ্যমে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের চেয়ে ট্রাম্পকে নিয়েই চলছে যত আলোচনা।

ট্রাম্পকে প্রেসিডেন্ট পদের জন্য অযোগ্য উল্লেখ করে রিপাবলিকান নেতাদের তাঁর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করতে আহ্বান জানিয়েছেন ওবামা। তাঁর এই আহ্বানকে ঐতিহাসিক ও নজিরবিহীন বলে উল্লেখ করছেন মার্কিন রাজনৈতিক বিশ্লেষকেরা।

ইতিহাসবিদ ডাগলস ব্রিংকলি নিউইয়র্ক টাইমসকে বলেছেন, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে নিকট অতীতে এমন ঘটনা একবারই ঘটেছিল।

ট্রাম্প বসে থাকার লোক নন। ওবামাকে পাল্টা আক্রমণ করে বক্তব্য দিয়েছেন তিনি। ওবামাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের জঘন্যতম প্রেসিডেন্ট বলে বর্ণনা করেছেন তিনি। বলেছেন, হিলারিই একজন অযোগ্য প্রার্থী। তিনি অসততা ও ভ্রান্ত বিদেশনীতির অনুসারী। হিলারি আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার কোনো যোগ্যতাই রাখেন না।

ট্রাম্প শিবিরে বিতর্ক আর ঝুট-ঝামেলা লেগেই আছে। এসবে ভালোই প্রচার-রসদ পেয়েছে মার্কিন গণমাধ্যম।

ট্রাম্পের স্ত্রী মেলানিয়ার কিছু নগ্ন ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ নিয়ে হইহই হচ্ছে।

দেশটির প্রয়াত মুসলিম সেনাসদস্য ক্যাপ্টেন হুমায়ুন খানের আত্মত্যাগকে উপহাস করে রিপাবলিকান-ডেমোক্রেটিক উভয় শিবির থেকে তোপের মুখে আছেন ট্রাম্প।

গতকাল মঙ্গলবার ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রচারের সময় আরেক কাণ্ড ঘটিয়েছেন ট্রাম্প। তাঁর বক্তব্যের সময় একটি শিশু কাঁদছিল। এ সময় ট্রাম্প বলেন, ‘আমি শিশুদের ভালোবাসি। শিশুটি সুন্দর। শিশুটির মা সুন্দর।’

ওই মন্তব্য করে ট্রাম্প অন্য প্রসঙ্গে তাঁর বক্তব্য চালিয়ে যাচ্ছিলেন। মায়ের কোলে থাকা শিশুটি অবিরাম কাঁদছিল। কিছুক্ষণ পরে ট্রাম্প চরম বিরক্তি প্রকাশ করে বলেন, ‘আসলে আমি আগে উপহাস করছিলাম। শিশুটিকে এখনই সভা থেকে বের করে দেওয়া হোক।’

ট্রাম্পের এমন আচরণে সভায় উপস্থিত লোকজনের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এ নিয়ে গণমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

একই সভায় ক্ষুব্ধ ট্রাম্প পশ্চিমা নেতাদেরও সমালোচনা করেন।

ট্রাম্প নিজ দলের প্রভাবশালী দুই নেতা স্পিকার পল রায়ান ও সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী জন ম্যাককেইনের পুনর্নির্বাচনে কোনো সহযোগিতা করবেন না বলে জানিয়ে দিয়েছেন।

ট্রাম্পের মেয়ে ইহঙ্কা ট্রাম্প প্রেসিডেন্ট ওবামার বক্তব্যের জবাব দিয়েছেন। তিনি বলেছেন, তাঁর বাবা আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার জন্য যোগ্য মানুষ।

ইহঙ্কা ট্রাম্প বলেন, রাজনীতির মানুষ হিসেবে আমেরিকার প্রকৃত পরিবর্তন আনতে সক্ষম হবেন তাঁর বাবা।

বাছাইপর্বে প্রতিদ্বন্দ্বীদের ধরাশায়ী করার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, হিলারিকে নির্বাচনে হারানো কোনো ব্যাপারই না।

আইওয়া অঙ্গরাজ্যে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, নির্বাচন-পদ্ধতিটা এমনিতেই গোলমেলে। আগামী নির্বাচনে কারচুপি করে তাঁকে হারানো হতে পারে।

ট্রাম্পের অভিযোগের অসারতা নিয়ে মার্কিন গণমাধ্যমগুলো মেতে উঠেছে।

ট্রাম্পের অভিযোগ উড়িয়ে দিচ্ছেন মার্কিন নির্বাচন বিশেষজ্ঞরা।

পিউ চ্যারিটেবল ট্রাস্টের নির্বাচন বিশেষজ্ঞ ডেভিট বেকার বলেছেন, গত দুই দশকের নির্বাচন পর্যালোচনা করে দেখা যায়, নির্বাচন পরিচালনা কাজে নিয়োজিত লোকজন সর্বোচ্চ সততা ও পেশাদারি নিয়ে কাজ করেছেন।

ট্রাম্পের নানা বিতর্কিত বক্তব্য এবং গণমাধ্যমে তাঁকে নিয়ে আলোচনার প্রভাব জাতীয় জনমত জরিপে পড়েছে। সিএনএন পরিচালিত সবশেষ জরিপে দেখা গেছে, ট্রাম্পের চেয়ে ৯ শতাংশ বেশি জনসমর্থনে এগিয়ে আছেন হিলারি।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প শিবিরে ক্রমশ হতাশা বাড়ছে। ট্রাম্পের ক্রমাগত বিদ্বেষপূর্ণ বক্তব্যের কারণে তাঁর প্রচারণা শিবিরের লোকজনই বিরক্ত।