বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছয় মাস মাঠের বাইরে মোস্তাফিজ

mustafizurস্পোর্টস ডেস্ক : কাঁধের ইনজুরির কারণে ছয় মাসের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে বাংলাদেশের পেস সেনসেশন মোস্তাফিজুর রহমানকে। এ জন্য অপারেশনের মুখোমুখিও হতে হবে তাঁকে। কোথায় হচ্ছে মোস্তাফিজের অস্ত্রোপচার? এ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে সোমবারের মধ্যেই সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার এমন কথাই বলেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

তিনি বলেন, ‘বিভিন্ন জায়গায় আমরা মোস্তাফিজের রিপোর্ট পাঠিয়েছি। আমরা সবচেয়ে ভালো জায়গায় ওর অস্ত্রোপচার করতে চাই। এরই মধ্যে দুজন চিকিৎসকের খোঁজ পেয়েছি। একজন অস্ট্রেলিয়ার আরেকজন ইংল্যান্ডের। সোমবার সিদ্ধান্ত নেয়া হবে কোথায় হচ্ছে মোস্তাফিজের অস্ত্রোপচার। তবে অপারেশনের জন্য ওকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।’

অস্ত্রোপচার ছাড়াও মোস্তাফিজের চিকিৎসা করা যেত কিনা এমন প্রশ্নের জবাবে জালাল বলেন, ‘অস্ত্রোপচার ছাড়াও মোস্তাফিজের চিকিৎসা করা যেত। তবে ভবিষ্যতের কথা ভেবেই কোচ, ফিজিও, চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

মোস্তাফিজকে সংক্ষিপ্ত ফরমেটেই খেলাতে আগ্রহী ইউনুস। ‘আমরা মোস্তাফিজের সর্বোচ্চ দেখাশুনা করছি। শারীরিক সমস্যায় পড়ার সঙ্গে সঙ্গেই ওকে খেলা থেকে বিরতি দেয়া হয়েছে। আমরা ওকে টেস্ট ক্রিকেটে খুব বেশি দেখতে চাই না। ওকে দিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেটগুলোই খেলাতে ইচ্ছুক।’

শারীরিক সমস্যায় থাকলে মোস্তাফিজকে দিয়ে খেলানো হয়না এমনটি উল্লেখ করে বিসিবির এই কর্মকর্তা বলেন, ‘সমস্যায় থাকলে ওকে দিয়ে খেলানো হয় না। দেখুন পাকিস্তান সুপার লিগে ইনজুরির কারণে ওকে ছাড়পত্র দেয়নি বিসিবি। তাছাড়া ক্যারিবিয়ান লিগ থেকেও ওকে প্রস্তাব দিয়েছিল। কারণ আমরা ওকে নিয়ে ঝুঁকি নিতে চাই না।’

গত মঙ্গলবার এমআরআই রিপোর্টে বাম কাঁধের স্ল্যাপেই সমস্যা ধরা পড়ে মোস্তাফিজুর রহমানের। এর আগে ২২ জুলাই ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে সারের বিপক্ষে ম্যাচে কাঁধে ব্যথা অনুভব করেন মোস্তাফিজ। ব্যথার কারণে ২৪ জুলাই রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে গ্লস্টারশায়ারের বিপক্ষে ম্যাচটিও খেলতে পারেননি তিনি।

ইনজুরির কারণে আসছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড সফরে মাঠে দেখা যাবে না কাটার বয়কে। এ নিয়ে ২০১৬ সালে পাঁচবার ইনজুরিতে পড়লেন মোস্তাফিজ। গেল বছরের নভেম্বর থেকেই ইনজুরি প্রবণতার মধ্য দিয়ে যাচ্ছিলেন মোস্তাফিজ। জিম্বাবুয়ের বিপক্ষে দেশের মাটিতে টি-২০ সিরিজের কিছু দিন মাঠের বাইরে ছিলেন তিনি। খেলা হয়নি এশিয়া কাপের ফাইনালও।

এরপর হালকা ইনজুরি নিয়ে আইপিএলে গেলেও প্রায় সবকটি ম্যাচে মাঠে নামেন। শেষ দিকে এসে সেই ইনজুরি আবার জেকে বসে। আইপিএল ফাইনাল খেলা নিয়ে শঙ্কা দেখা দেয়া। শেষ পর্যন্ত ঠিকই হায়দ্রবাদের হয়ে মাঠে নামেন। দলকে চ্যাম্পিয়ন করতেও বেশ অবদান রাখেন তিনি।

এদিকে গত ২ মার্চ সাসেক্সের সঙ্গে মোস্তাফিজের সঙ্গে চুক্তি হয়। জুনের শুরুতে কাউন্টিতে যাওয়ার কথা থাকলেও ইনজুরির কারণে সময় পিছিয়েছে। এরপর ১৩ জুলাই মোস্তাফিজের ইংল্যান্ড যাওয়ার দিনক্ষণ ঠিক হয়। কিন্তু তাতেও বাধা হয়ে দাঁড়ায় ভিসা বিলম্ব। কাউন্টিতে নাম লেখানো বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার মোস্তাফিজ। এর আগে সাকিব আল হাসান ও তামিম ইকবাল কাউন্টি ক্রিকেটে খেলেছেন।

২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মোস্তাফিজের। অভিষেকের পর থেকেই দারুণ নৈপুণ্য ছড়িয়ে যাচ্ছেন ২০ বছর বয়সী এই পেসার। ওয়ানডেতে ভারতকে একাই গুড়িয়ে দেন তিনি। দশম বোলার হিসেবে ওয়ানডে অভিষেকে পাঁচ উইকেট দখল করে ইতিহাসের পাতায় নাম লেখান। পরের ম্যাচে ৪৩ রানে নেন ৬ উইকেট। এরপর টেস্টেও স্মরণীয় অভিষেক। ৩৭ রানে ৪ উইকেট নিয়ে গড়েন আরেক নজির। মোস্তাফিজ সেই থেকে বাঘা-বাঘা সব ব্যাটসম্যানের কাছে এক আতংকের নাম।

তাছাড়া পাকিস্তান প্রিমিয়ার লিগে নাম লেখালেও ইনজুরির কারণে খেলতে পারেননি। আইপিএলেও তাঁকে গুরুত্বের সঙ্গে নিয়েছে সানরাইজ হায়দরাবাদ। গুরুত্বের প্রতিদান দিতে মোটেও ভুল করেননি ‘ফিজ’। বেশ দাপটের সঙ্গেই মাঠ মাতিয়ে ছিলেন তিনি। টুর্নামেন্টে ১৬ ম্যাচে ৬১ ওভার খেলে ১৭টি উইকেট শিকার করেছেন মোস্তাফিজ।