রানে চাপা পড়তে যাচ্ছে জিম্বাবুয়ে
স্পোর্টস ডেস্ক : ২০১০ সালে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেছিলেন কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ড ব্যাটসম্যান টেস্ট অধিনায়কত্বের অভিষেকেও সেঞ্চুরি প্রায় পেয়ে গিয়েছিলেন। আজ বুলাওয়ে টেস্টের দ্বিতীয় দিনে সেঞ্চুরি থেকে ৯ রানের দূরত্বে আউট হয়েছেন উইলিয়ামসন। অধিনায়ক না পারলেও সেঞ্চুরি পেয়েছেন ওপেনার টম ল্যাথাম। জিম্বাবুয়েকে বড় রানের নিচে চাপা দেওয়ার পথেই এগিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড।
দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ৩১৫ রান তুলেছে সফরকারীরা। জিম্বাবুয়ের প্রথম ইনিংসের চেয়ে এখনই ১৫১ রানে এগিয়ে নিউজিল্যান্ড। বিনা উইকেটে ৩২ রান নিয়ে দিন শুরু করা নিউজিল্যান্ড প্রথম উইকেট হারায় ৭৯ রানে। এরপর দ্বিতীয় উইকেটে ল্যাথামকে নিয়ে ১৫৬ রানের জুটি উইলিয়ামসনের। ল্যাথাম চতুর্থ টেস্ট সেঞ্চুরিটা পেয়েছেন চা-বিরতির পরে।
অবশ্য ৮৫ রানেই ফিরতে পারতেন এই ওপেনার। মিডিয়াম পেসার চামু চিবাবার বলে উইকেটের পেছনে ক্যাচ তুলেছিলেন। কিন্তু বদলি উইকেটকিপার ব্রায়ান চারি সেটি নিতে পারেননি। মূল উইকেটকিপার রেজিস চাকাভার অসুস্থতায় উইকেটের পেছনে দাঁড়ানো চারি আরও দুটি সুযোগ নষ্ট করেছেন। ক্রিকইনফো।











