শীর্ষ মুকুট কি ফিরে পাবেন সাকিব?
স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসান এখন আছেন আটলান্টিকের ওপারে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) জ্যামাইকা তালওয়াসের হয়ে খেলছেন। ঠিক একই সময়ে টেস্ট খেলতে সেই ওয়েস্ট ইন্ডিজেই এসেছে ভারত। সিপিএলের অদ্ভুতুড়ে সূচির কারণে লম্বা এক ছুটি পেয়েছেন সাকিব। অ্যান্টিগা টেস্ট বেশ নির্বিঘ্নেই দেখার সুযোগ পেয়েছিলেন। ম্যাচটি দেখে থাকলে সাকিব এও দেখেছেন, কীভাবে তাঁর ধরাছোঁয়ার বাইরে চলে গেলেন রবিচন্দ্রন অশ্বিন!
বিশ্ব সেরা অলরাউন্ডার কে? এ প্রশ্নে কিছুদিন আগেও চোখ বন্ধ করে উত্তর বলে দেওয়া যেত—সাকিব আল হাসান। প্রথমবারের মতো তিন সংস্করণেই র্যাঙ্কিং সেরা অলরাউন্ডার হয়েছিলেন। ‘হয়েছিলেন’ বলতে হচ্ছে, কারণ টেস্ট অলরাউন্ডারদের চূড়া থেকে বেশ কিছুদিন আগেই নেমে গেছেন সাকিব। গত ৭ ডিসেম্বর দিল্লি টেস্টের পরই তাঁকে হটিয়ে শীর্ষে উঠেছেন অশ্বিন।
অথচ পরিপূর্ণ একজন অলরাউন্ডার হিসেবে অশ্বিনকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাকিব মানেই তো ব্যাটে-বলে দলের নির্ভরতার প্রতীক, ঠিক যেমনটি হওয়ার কথা একজন অলরাউন্ডারের। আর অশ্বিনকে তো সবাই চিনেন একজন অফ স্পিনার হিসেবেই। তবে সাকিবকে কীভাবে টপকে গেলেন অশ্বিন?
এখানেই লুকিয়ে আছে সাকিবের দুর্ভাগ্যের গল্পটি। সাদা পোশাকে সর্বশেষ সাকিবকে ক্রিকেট মাঠে কবে দেখেছেন? মনে করতে পারছেন? গত বছরের ৩০ জুলাই। বৃষ্টিতে ভেসে যাওয়া মিরপুর টেস্টে ৩৫ রান করেছিলেন। ওই টেস্টে আর ব্যাটিং-বোলিং করতে পারেননি সাকিব। এরপর এক বছর পেরিয়ে যেতে বসেছে, টেস্ট আর খেলা হয়নি সাকিবের। বাংলাদেশই খেলেনি আর কোনো টেস্ট।
সেদিনও র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন সাকিব। অলরাউন্ডারদের রেটিংয়ে ৩৮৪ পয়েন্ট নিয়ে অন্যদের ধরাছোঁয়ার বাইরে ছিলেন। এখনো সেই ৩৮৪ পয়েন্টেই আছেন সাকিব।
কিন্তু এ সময়ে তো আর বসে থাকেননি সাকিবের প্রতিদ্বন্দ্বীরা। ইদানীং ক্রিকেট সত্যিকারের অলরাউন্ডারদের বড় আকাল। ভালো বোলিং ও একটু আধটু ব্যাটিং দিয়ে সাকিবের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন ভারতের অশ্বিনই। গত আগস্টের পর অশ্বিন এ পর্যন্ত ৮টি টেস্ট খেলেছেন। অ্যান্টিগা টেস্ট পর্যন্ত ৩০৮ রান করেছেন অশ্বিন। ১টি সেঞ্চুরি ও ২টি ফিফটি তার। আর বোলিংয়ে ৫৯ উইকেট পেয়েছেন ভারতীয় স্পিনার। ৭ বার ইনিংসে ৫ উইকেট পেয়েছেন, ম্যাচে ১০ উইকেট দুবার।
ফলে গত বছর আগস্ট মাসেও ৩৩৬ রেটিং পয়েন্ট ছিল যাঁর, সেই অশ্বিনের পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪২৭-এ! সাকিবের সঙ্গে তার ব্যবধান এখন ৪৩! দিল্লি টেস্টে ফিফটি ও ৭ উইকেটের পারফরম্যান্স দিয়ে সাকিবকে ছাড়িয়েছিলেন। আর অ্যান্টিগা টেস্টের সেঞ্চুরি আর ৭ উইকেটে তো ক্যারিয়ার সেরা রেটিংই পেয়ে গেছেন তিনি।
অবশ্য র্যাঙ্কিংয়ে তো উত্থান-পতন থাকবেই। কখনো অশ্বিন ওপরে উঠবেন কখনো সাকিব। কিন্তু সাকিব কি আসলেই সেই সুযোগ পাবেন? ভারত তো অনেক আগেই জানিয়ে দিয়েছে, বাংলাদেশের বিপক্ষে এই আগস্টের পূর্বনির্ধারিত টেস্টটি খেলছে না তারা। নিরাপত্তা শঙ্কায় অক্টোবরে ইংল্যান্ড আসবে কি না সে প্রশ্নে নেতিবাচক ইঙ্গিতই মিলছে। সে ক্ষেত্রে সাকিব আবারও টেস্ট খেলার সুযোগ পাবেন ডিসেম্বরে, নিউজিল্যান্ডের বিপক্ষে। সে দুটি টেস্ট খেলার পর আবারও জুলাই পর্যন্ত কোনো টেস্ট খেলার সুযোগ পাবেন না।
আর অশ্বিন ডিসেম্বরের মধ্যেই আরও ১১টি টেস্ট খেলার সুযোগ পাবেন। জুলাইয়ের মধ্যেই পাবেন আরও ৪টি টেস্ট খেলার সুযোগ। মাত্র ২ টেস্টের পারফরম্যান্স দিয়ে সাকিব কীভাবে ছাড়াবেন ১৫ টেস্ট খেলা অশ্বিনকে?
৪৩ রেটিং পয়েন্ট সাকিবের জন্য তাই দুর্লঙ্ঘনীয় এক বাধা হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে অশ্বিনের রেটিং পয়েন্ট কমতে পারে। সেটি কমলেও কতই বা কমবে? আবার আরও বাড়তেও তো পারে! অশ্বিনের রেটিং পয়েন্ট কমানোর বদলে সাকিব যে নিজের রেটিং পয়েন্ট বাড়িয়ে নেওয়ার মিশনে নামবেন—সেই সুযোগই তো মিলছে না!
ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে অবশ্য ৪১৬ রেটিং পয়েন্ট নিয়ে এখনো বেশ ভালো দূরত্ব নিয়ে শীর্ষে আছেন। যদিও টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে আবার বেশ এগিয়ে গেছেন শেন ওয়াটসন। ওয়াটসন আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়ায় রঙিন ক্রিকেটের এই দুটি মুকুট ফিরে নিজের কাছে সুরক্ষিত রাখতে পারেন সাকিব। কিন্তু সাদা পোশাকে?











