বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরের নিজেরই মনে নেই কবে শেষ খেলেছেন !

ee28ae01f8e435c25c9a615a31ac4031-Nasirনাসিরকে নিয়ে মাহমুদউল্লাহর সেই কথাটি মনে আছে? গত বছর জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টে নাসির হোসেন প্রথম দিনে অপরাজিত ছিলেন ১৩ রানে। পরের চার দিন তাঁকে আউটই করতে পারেননি প্রোটিয়া বোলাররা! পারবেন কী করে, খেলাই তো হয়েছিল মাত্র এক দিন, বাকি চার দিনই ভেসে গিয়েছিল বৃষ্টিতে। চতুর্থ দিন সকালে মাহমুদউল্লাহকে নাসির বলছেন, ‘ভালো লাগছে না। দুদিন ধরে নট আউট আছি!’

সেই ‘নট আউট’ নাসির এখনো আছেন। এরপর যে তিনি আর টেস্টই খেলেননি। বিরতিটা এক বছরের। অবশ্য তাঁরও কিছু করার নেই এখানে। বাংলাদেশ দল আর বড় দৈর্ঘ্যের ক্রিকেট খেলেনি। লম্বা বিরতিতে টেস্ট খেলা কতটা কঠিন, সেটি বলতে গিয়ে নাসির নিজেই মনে করতে পারলেন না, সর্বশেষ কবে তিনি নিজের টেস্ট খেলেছেন, ‘টেস্ট অবশ্যই কঠিন। দেশের মাটিতে খেলা হলে ঠিক আছে, তবে বাইরে হলে আমাদের জন্য একটু হলেও কঠিন। আর আমি সর্বশেষ কবে টেস্ট খেলেছি, মনে নেই!’

গত এক বছরের বিরতি নাহয় সবারই। কিন্তু নাসির টেস্টে নিয়মিত নন গত দুই বছর। ২০১৪ সালের সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর জাতীয় দল থেকেই ছিটকে পড়েছিলেন নাসির। প্রায় এক বছরের বিরতিতে টেস্টে ফিরেছিলেন দক্ষিণ আফ্রিকার সঙ্গে ঢাকা টেস্ট দিয়ে। ক্রিকেটের বড় সংস্করণে নাসির কেন নিয়মিত হতে পারেননি, রহস্যই বটে। বিস্ময়টা বাড়বে তাঁর পরিসংখ্যানে চোখ রাখলে। ১৭ টেস্টে করেছেন ৩৭.৩৪ গড়ে ৯৭১ রান। গড়ে বাংলাদেশ টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে আছেন চারে। তার ওপরে শুধু সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুমিনুল হক। প্রথম ১১ টেস্টে তাঁর গড় ছিল ৪৭-এর কাছাকাছি। নিচের দিকে নেমেও একটি সেঞ্চুরির পাশাপাশি করছেন ছয় ফিফটি।

শুরুতে তো ছিলেন দুর্দান্ত ধারাবাহিক। এরপর মাত্র কয়েকটি টেস্ট খেলে কেন যেন সেভাবে নিয়মিত সুযোগই পেলেন না। অবশ্য টেস্ট নিয়ে নাসিরের আফসোস করার ফুরসতই বা কই এখন? সাম্প্রতিক সময়ে তো সীমিত ওভারের ক্রিকেটেও জায়গা মিলছে না! এ বছর জাতীয় দলের হয়ে খেলার সুযোগই পেয়েছেন মাত্র দুই ম্যাচ। কেন সুযোগ পাননি, সেটি অবশ্য তাঁর অজানাই, ‘এটা আসলে আমার হাতে নেই, এটা ম্যানেজমেন্টের বিষয়। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। অবশ্যই আমার লক্ষ্য থাকে, ভালো কিছু করে ক্রিকেটের তিন সংস্করণেই খেলতে।’
নাসির ‘সাধ্যমতো’ যে চেষ্টার কথা বললেন, তার যথার্থ উদাহরণ গত মাসে শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগ। ‘অলরাউন্ডার’, ‘ফিনিশার’ নাসিরের দেখা মিলেছে এবারের লিগে। রানার্সআপ প্রাইম দোলেশ্বরের হয়ে ১৬ ম্যাচে ৪ ফিফটিতে ৭৫.৪২ গড়ে করেছেন ৫২৮ রান, নিয়েছেন ১৪ উইকেট। নিজের পারফরম্যান্সে তৃপ্তির ছোঁয়া নাসিরের মুখে, ‘যেখানেই রান করেন, আপনাকে আত্মবিশ্বাস জোগাবে। প্রিমিয়ার লিগের দু-একটা ম্যাচ ছাড়া আল্লাহর রহমতে মোটামুটি ভালোই খেলেছি। যে জায়গাটায় ব্যাটিং করেছি, সেখানে খুব বেশি ওভার ছিল না। হয়তো ১৫-২০ বা ২৫-২০ ওভার পেয়েছি। যতটুকু সুযোগ পেয়েছি সর্বোচ্চ রান করা চেষ্টা করেছি।’

উজ্জ্বল এই পারফরম্যান্সটা নাসির নিশ্চয় টেনে নিতে চাইবেন জাতীয় দলেও। তবে এর আগে জাতীয় দলে ফিরতে তো হবে। বাংলাদেশের জাতীয় দলের খেলাতেই এমনিতে দীর্ঘ বিরতি পড়েছে। অক্টোবরের আগে সিরিজ নেই। আর সেই সিরিজটাও এখন অনিশ্চিত। নাসির আশাবাদী, ইংল্যান্ড খেলতে আসবে। তবে আশাবাদী হতে পারছেন না, সেই সময়টায় একাদশে তিনি থাকবেন কি না।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত