তুরস্কে ৩ মাসের জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান তিন মাসের জন্য জরুরি অবস্থা জারি করেছেন।

বুধবার এক বিবৃতিতে এ জরুরি অবস্থা জারির ঘোষণা করা হয় বলে জানিয়েছে বিবিসি ও সিএনএনসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
সম্প্রতি দেশটিতে অভ্যুত্থানের চেষ্টা চালায় দেশটির সেনাবাহিনীর একাংশ। তবে এতে দেশটির জনগণের সমর্থন না থাকায় তাদের এ চেষ্টা ব্যর্থ হয়। সেনা অভ্যুত্থানের এ ব্যর্থ চেষ্টার পর এমন ঘোষণা আসলো।
দেশটির প্রেসিডেন্ট এরদোগান জরুরি অবস্থা জারির ঘোষণার পাশাপাশি এমন আঘাত আবার আসতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন।
তিনি জানান, এমন ঘটনা যাতে না ঘটে এবং জড়িতদের বিরুদ্ধে যেন দ্রুত ব্যবস্থা নেয়া যায় তার জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে।
প্রেসিডেন্ট এরদোগান বলেন, দেশের গণতন্ত্র, আইন এবং জনগণের স্বাধীনতা রক্ষায় এ জরুরি অবস্থা জারি করা হয়েছে। সেই সঙ্গে যত তারাতারি সম্ভব এই সম্ভাব্য হুমকি দূর করার সবচেয়ে দক্ষ পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ সময় তিনি দেশটির সংকটকালে পাশে থাকা জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।











