তুরস্কের ব্যর্থ অভ্যুত্থানের নেপথ্যে যারা

প্রতিবেদনগুলোতে মূলত দুজনের দিকে ইঙ্গিত করা হয়েছে। বলা হচ্ছে, দুই ব্যক্তি ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পেছনে নাটেরগুরু হিসেবে কাজ করছেন।
এদের একজন হচ্ছে জেনারেল একিন ওজতুর্ক। তুর্কি বিমান বাহিনীর কমান্ডার থাকা অবস্থায় ২০১৫ সালের আগস্টে অবসর নেন তিনি। কিন্তু তিনি এখনও সুপ্রিম মিলিটারি কাউন্সিলের সদস্য হিসেবে রয়েছেন।
দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন লেফট্যানেন্ট জেনারেল মেতিন লিয়েদিল। যিনি স্থলবাহিনীর কমব্যাট ও সাপোর্ট ট্রেনিং কমান্ডার হিসেবে কর্মরত আছেন।
যুক্তরাজ্যের একটি থিংক ট্যাংক চ্যাথাম হাউজের ফাদি হাকুরা মনে করেন, এরা সেনাবাহিনীর বিরাট অংশের প্রতিনিধিত্ব করে না। তাদের ব্যর্থতা এটাও প্রমাণ করে যে তুরস্কে সেনা অভ্যুত্থানের পক্ষে আর সমাজের বেশিরভাগ অংশের কোনো সমর্থন নেই।
তবে তুরস্ক সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে থাকা ধর্মীয় নেতা ফেতুল্লা গুলেন অভ্যুত্থানের সঙ্গে জড়িত বলে ইঙ্গিত করা হচ্ছে।
প্রেসিডেন্ট এরদোগানের এক সময়ের ঘনিষ্ঠ মিত্র ফেতুল্লা গুলেন যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি একজন ধর্মীয় নেতা। তার হিজমেত আন্দোলনের বিরাট সমর্থন আছে তুরস্কে। এরা নানা ধরণের স্কুল, কলেজ, এনজিও এবং ব্যবসা পরিচালনা করে। তাদের আছে অনেক মিডিয়া প্রতিষ্ঠান।
কিন্তু ফেতুল্লা গুলেনের সঙ্গে প্রেসিডেন্ট এরদোগানের সম্পর্ক খারাপ হতে শুরু করে কয়েক বছর আগে। প্রেসিডেন্ট এরদোগান কঠোর সব ব্যবস্থা নেন হিজমেত আন্দোলনের বিরুদ্ধে।
অভ্যুত্থানের পেছনে এদের হাত আছে বলে ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট এরদোগান এবং তার দলের নেতারা। তবে ফেতুল্লা গুলেন জোর গলায় তা অস্বীকার করেছেন।
রিসেপ তাইয়িপ এরদোগান এর আগে বহুবার সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন। তার সরকার সেনাবাহিনীর মধ্যে অনেক শুদ্ধি অভিযানও চালিয়েছে।
শুক্রবার রাত থেকে তুরস্কে সেনাবাহিনীর একটি অংশ অভ্যুত্থানের চেষ্টা করে। অভ্যুত্থানকারী ও বিক্ষোভকারীদের সংঘর্ষে এখন পর্যন্ত ২৫০ জনের বেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এছাড়া অভ্যুত্থান চেষ্টায় জড়িত থাকার অভিযোগে ৫ জেনারেল ও ২৯ কর্নেলসহ প্রায় ৩ হাজার সেনা সদস্যকে আটক করা হয়েছে।
এর আগে প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানের আহ্বানে সাড়া দিয়ে রাতেই গণতন্ত্রপন্থীরা রাজপথে নেমে আসে। বিরোধী দলগুলোও এ অভ্যুত্থান চেষ্টার তীব্র সমালোচনা করেছে।











