ছয় বছর পর ইমন-মোনালিসা
বিনোদন প্রতিবেদক : ইমন ও মোনালিসা ২০১০ সালে প্রচারিত ‘টক ঝাল মিষ্টি’ নামের একটি নাটকে অভিনয় করেছিলেন। নাটকটির পরিচালনা করেছিলেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। আবারও ছয় বছর পর জুটি বাঁধলেন। রাশেদ রাহা পরিচালিত ঈদের বিশেষ নাটক ‘মিস্টার পারফেকশনিস্ট’-এ জুটি বেঁধে কাজ করছেন তাঁরা। নাটকটি আসছে কোরবানির ঈদের জন্য নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন পরিচালক।
গত শনিবার থেকে রাজধানীর উত্তরায় শুরু হয়েছে নাটকটির শুটিং। এ ছাড়া কারওয়ান বাজারের একটি রেস্তোরাঁয় ও সংসদ ভবনের সামনে শুটিং করা হবে।
পরিচালক রাশেদ রাহা বলেন, ‘নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন ইমন। সব কিছুতেই তিনি খুঁতখুঁতে। কোনো মেয়ের সঙ্গে পরিচয় হলে তাঁর মধ্যেও পরিপূর্ণতা খোঁজেন। তার এই স্বভাব এতটাই মাত্রাতিরিক্ত পর্যায়ে চলে যায় যে, তাকে সবাই মিস্টার পারফেকশনিস্ট বলে ডাকতে থাকে। একদিন ইমন রেস্তোরাঁয় খেতে গেলে তার খুঁতখুঁতে স্বভাবটি লক্ষ করেন মোনালিসা। একসময় দুজনের মাঝে বন্ধুত্ব গড়ে ওঠে। মোনালিসা বোঝানো শুরু করেন জীবন সব ক্ষেত্রে নিখুঁত হয় না। পরিপূর্ণতার বাইরে গিয়েও জীবনকে অনেক ভালোভাবে সাজানো সম্ভব।’
তিনি আরো বলেন, ‘ঈদের সময় তারকারা অনেক ব্যস্ত সময় কাটান, শুটিংয়ের জন্য শিডিউল পেতে সমস্যা হয়। হঠাৎ করেই দুজনের শিডিউল পাওয়ায় আগামী কোরবানি ঈদের এই নাটকটি করে রাখছি।’
মোনালিসা বলেন, ‘এর আগেও আমরা এক সঙ্গে কাজ করেছি। আমরা শুরুতে একটি মোবাইল কোম্পানির বিজ্ঞাপনে মডেল হয়েছিলাম। এর পর বেশ কয়েকটি নাটকেও কাজ করেছি। আমি দেশের বাইরে যাওয়া আগে ২০১০ সালে একটি নাটকে কাজ করেছিলাম। আমাদের প্রতিটি কাজই ছিল দর্শকপ্রিয়।’
ইমন বললেন, ‘প্রায় ছয় বছর পর মোনালিসার সঙ্গে অভিনয় করছি। যেহেতু আমরা এর আগেও একাধিক কাজ করেছি, তাই আমাদের বোঝাপড়াটা অনেক ভালো। ও দীর্ঘদিন আমেরিকায় ছিল। আমাদের জুটি অনেকদিন পর দেখে দর্শকদের ভালো লাগবে আশা করি।’
‘মিস্টার পারফেকশনিস্ট’ নাটকটি লিখেছেন খায়রুল বাসার নির্ঝর, পরিচালনা করেছেন রাশেদ রাহা। এ ছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে নন্দিত অভিনেত্রী শম্পা রেজাকে।











