ঢাকায় সন্ত্রাসী হামলায় ইরানের নিন্দা
আন্তর্জাতিক ডেস্ক :ঢাকায় সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই হামলায় নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি জানানো হয়েছে সমবেদনা। এ ধরনের হামলা প্রতিহত করার জন্য উগ্রপন্থি ও তাদের সমর্থকদের চাপে রাখার কথাও বলা হয়েছে। এ খবর জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা ফারস। খবরে বলা হয়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাশেমি ঢাকায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এই হামলায় হতাহতের পরিবার ও স্বজনদের প্রতি জানিয়েছেন সমবেদনা। তিনি বলেন, ‘এই ঘৃণ্য ঘটনা আরো একবার আমাদের সামনে সন্ত্রাসবাদ ও নিষ্পাপ মানুষদের হত্যার কুৎসিত রূপটি তুলে ধরেছে। এই ঘটনা এটাও প্রমাণ করে যে সন্ত্রাসের কোনো সীমারেখা, সীমান্ত, জাতীয়তা, ধর্ম বা ভৌগোলিক অবস্থান নেই। আর এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য সব দেশের মধ্যে সম্মিলিত সহায়তা প্রয়োজন।’

তিনি গুরুত্ব আরোপ করেন যে বিশ্ববাসীকে শান্তির পথে ইরানের যাত্রা এবং সন্ত্রাস ও উগ্রপন্থার বিরুদ্ধে ইরানের চলমান লড়াইয়ের কথা শুনতে হবে। তিনি বলেন, এ বিষয়ে যেকোনো ধরনের দ্বৈত অবস্থান সন্ত্রাস ও উগ্রপন্থাকে আরও শক্তিশালী করে তুলবে, যা আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফও ঢাকার সন্ত্রাসী হামলার নিন্দা জানান। তিনি তার বক্তব্যে সন্ত্রাসবাদের বিপক্ষে বিভিন্ন দেশের ঐক্যবদ্ধ অবস্থানের ওপর জোর দেন। তিনি বলেন, ‘ঢাকার সর্বশেষ সন্ত্রাসী হামলা পশ্চিমা বিশ্বের শিরোনাম তুলনামূলকভাবে কম হয়েছে। তারপরও এই হামলা এটাই নির্দেশ করে যে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ে গোটা বিশ্বকেই একত্রিত থাকতে হবে।’











