পার্লামেন্টে উঠছে ফের গণভোটের দাবি

আন্তর্জাতিক ডেস্ক : ব্রেক্সিটের ফলাফল বাতিল করে পুনরায় গণভোটের দাবিতে গণ স্বাক্ষরের সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। একদিনে ২০ লাখ থেকে বেড়ে সেই সংখ্যাটা ৩০ লাখ ছাড়িয়েছে।
ব্রিটিশ পার্লামেন্টের ওয়েবসাইটে রবিবার পর্যন্ত স্বাক্ষর করেছেন অন্তত ৩০ লাখ ৪৮ হাজার মানুষ। প্রথম দিকে সাক্ষরের বন্যায় ক্র্যাশ করে যায় পার্লামেন্ট.ইউকে ওয়েবসাইট। লন্ডনের নিয়ম অনুযায়ী, কোনো বিষয়ে এক লাখ স্বাক্ষর জমা পড়লেই তা পার্লামেন্টে উঠবে। উপচে পড়া ব্রেক্সিট বিরোধী স্বাক্ষর নিয়ে পার্লামেন্টে ফের আলোচনা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কনজারভেটিভ এমপি বেন হাউলেট। টুইটারে তিনি বলেন, হাউস অব কমন্সের আবেদন সংক্রান্ত সিলেক্ট কমিটিতে আগামী মঙ্গলবার এই অনলাইন আবেদন নিয়ে আলোচনা হবে।
প্রাক্তন লেবার প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বলেন, আর একবার গণভোটের সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না।
অন্যদিকে ব্রিটেনের স্বাধীনতা ঘোষণার দাবিতে স্বাক্ষর অভিযান চালাচ্ছে ব্রেক্সিটপন্থীরা। তবে ব্রেক্সিট বিরোধীদের তুলনায় তারা অনেকটাই পিছিয়ে। সই জমা পড়েছে মাত্র এক লাখ।
ব্রিটেনে যখন ইইউ থেকে বেরিয়ে যাওয়া নিয়ে এত রকম টানাপোড়েনে, তখন খোদ ইইউ সুর চড়ানো থেকে পিছু হটছে না। ব্রিটেনের উদ্দেশে ইইউ নেতারা বলেন, এখনই চলে যাও। রবিবার ইইউ নেতারা আরো এক ধাপ এগিয়ে বলেন, আনুষ্ঠানিক চিঠির দরকার নেই। যা বলার মুখেই বলে দিন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
এদিকে ইইউয়ের সঙ্গে বিচ্ছেদ প্রক্রিয়া নিয়ে এখনও কোনো পদক্ষেপ করেননি ডেভিড ক্যামেরন। আগামীকাল মঙ্গলবার একটি শীর্ষ সম্মেলনে বক্তৃতা দেয়ার কথা তার।











