বিচ্ছেদ ঠেকাতে ফের গণভোট চায় ব্রিটিশ জনগণ
আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে থাকার আশা এখনো জিইয়ে রেখেছে ব্রিটেনের জনগণ। ঐতিহাসিক এই বিচ্ছেদ আটকাতে এখন দ্বিতীয়বার গণভোট চাইছে তারা। এর জন্য ইতিমধ্যে ১০ লাখের বেশি মানুষ একটি অনলাইন পিটিশনে সই করেছে। এক লাখ মানুষ কোন পিটিশনে সহমত প্রকাশ করলে বিষয়টি পার্লামেন্টের বিবেচনায় আনা হয়।

গত বৃহস্পতিবারের গণভোটে ইইউ ছাড়ার পক্ষে রায় যাওয়ার পর ব্রিটিশ সমাজে বিভক্তি এখন স্পষ্ট দেখা যাচ্ছে। আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও লন্ডনের বেশিরভাগ মানুষই ইইউর সঙ্গে থাকতে ‘রিমেইন’ ভোট দেয়। সেই সঙ্গে তরুণদের মধ্যে ৭০ শতাংশই রিমেইনের পক্ষে ভোট দেয়।
গণভোটের ফলাফল স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের রাজনৈতিক বাতাবরণ উত্তপ্ত করে তুলেছে। সেখানকার নেতারা বলছেন ইইউ থেকে ব্রিটেনের বিচ্ছেদ চূড়ান্ত হয়ে গেলে ইউরোপের সাথে থাকাতে প্রয়োজনে স্বাধীনতার জন্য গণভোট আয়োজন করবেন তারা।
শুক্রবার প্রকাশিত ফলাফলে দেখা যায় ৫২ শতাংশ ব্রিটিশ জনগণ ইউরোপীয় ইউনিয়ন ছাড়তে ‘লিভ’ ভোট দিয়েছেন আর রিমেইনের দিকে পড়ে ৪৮ শতাংশ ভোট।











