পাওলি ছাড়াই চলছে শাকিবের ‘সত্তা’
বিনোদন প্রতিবেদক : আজ থেকে আবারও শুরু হয়েছে হাসিবুর রহমান কল্লোল পরিচালিত চলচ্চিত্র ‘সত্তা’-এর শুটিং। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী পাওলি দাম।
৩ জুলাই পর্যন্ত ছবিটির টানা শুটিং হওয়ার কথা রয়েছে। এই লটে নায়িকা পাওলি থাকছেন না বলে জানিয়েছেন ছবির পরিচালক।
এর আগে কলকাতার অভিনেত্রী পাওলি দাম দুই দফায় ঢাকায় সিনেমাটির শুটিংয়ে অংশ নেন।
এ বিষয়ে পরিচালক কল্লোল এনটিভি অনলাইনকে বলেন, ‘এবারের লটের শুটিংয়ের মাধ্যমে ছবির সব দৃশ্যের শুটিং শেষ হয়ে যাবে। বাকি থাকবে তিনটি গানের দৃশ্যায়ন। ছবিতে থাকছে মোট পাঁচটি গান, এর মধ্যে দুটি গানের দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে। এখন যে তিনটি গান আছে সেই গানে শাকিব ও পাওলি দুজনকেই লাগবে। আশা করি ঈদের পর দুজনের শিডিউল মিলিয়ে গানের শুটিং করতে পারব।’
দুই বছর আগে শুরু হয় আলোচিত এই ছবির শুটিং। শাকিব ও পাওলি দুজনেই যার যার কাজ নিয়ে ব্যস্ত থাকায় শিডিউল মেলানো মুশকিল হয়ে যায়।
তবে শুটিংয়ের দীর্ঘসূত্রতা নিয়ে চিন্তিত নন পরিচালক। ছবিটি নিয়ে দারুণ আশাবাদী তিনি। বলেন, ‘একটু বেশি সময় লাগলেও হলে গিয়ে যখন দর্শক ছবিটি দেখবে তখন তাদের ভালো লাগবে। আমি সময় বেশি দিচ্ছি কিন্তু ছবির মান নিয়ে কোনো ছাড় দিচ্ছি না।’
বছরখানেক আগে ‘সত্তা’র প্রথম টিজার প্রকাশ করা হয়। সর্বশেষ পয়লা বৈশাখে প্রকাশ করা হয় ছবিটির দ্বিতীয় টিজার। মমতাজ ও জেমসের কণ্ঠ দেওয়া দুটি গান রয়েছে ছবিটির টিজারে।
এদিকে ‘সত্তা’ ছবির কাজ শেষ হওয়ার আগেই শাকিবকে নিয়ে নতুন চলচ্চিত্রের ঘোষণা দিয়েছেন কল্লোল।











