বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসিদের ম্যারাডোনার হুঁশিয়ারি : ‘শিরোপা ছাড়া ফিরো না’

JOHANNESBURG, SOUTH AFRICA - JUNE 27:  Diego Maradona head coach of Argentina celebrates after  Gonzalo Higuain scores his side's second goal during the 2010 FIFA World Cup South Africa Round of Sixteen match between Argentina and Mexico at Soccer City Stadium on June 27, 2010 in Johannesburg, South Africa.  (Photo by Chris McGrath/Getty Images) *** Local Caption *** Diego Maradona

স্পোর্টস ডেস্ক : গত দুই বছরে দুটি প্রতিযোগিতার ফাইনালে উঠেও খালি হাতে ফিরতে হয়েছে আর্জেন্টিনাকে। ২০১৪ সালের বিশ্বকাপ ও ২০১৫ সালের কোপা আমেরিকার ফাইনালে উঠেও শিরোপা জয়ের স্বাদ পাওয়া হয়নি আলবেসিলেস্তেদের। এবার শতবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত কোপা আমেরিকার বিশেষ সংস্করণেও সেই হতাশাজনক ঘটনার পুনরাবৃত্তি দেখতে চান না আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। শিরোপা না জিতে মেসিরা যেন দেশে না ফেরেন, এমন হুঁশিয়ারিই দিয়েছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার।

যুক্তরাষ্ট্রে আয়োজিত এবারের কোপা আমেরিকার শুরু থেকেই দারুণ নৈপুণ্য দেখিয়েছেন আর্জেন্টাইন ফুটবলাররা। গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই দাপুটে জয় দিয়ে আর্জেন্টিনা পা রেখেছিল নকআউট পর্বে। এরপর কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলাকে ৪-১ গোলে ও সেমিফাইনালে যুক্তরাষ্ট্রকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে জায়গা করে নিয়েছে ফাইনালে। শিরোপা জয়ের অন্তিম লড়াইয়ে মেসিদের খেলতে হবে গতবারের শিরোপাজয়ী চিলির বিপক্ষে। গত বছরের ফাইনালে এই চিলির বিপক্ষে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল মেসিদের। তবে এবার তেমনটা ঘটবে না বলেই মনে করছেন ম্যারাডোনা। আর্জেন্টিনার এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমরা ফাইনালে অবশ্যই জিতব। আর যদি জিততে না পারি, তাহলে তাদের দেশে ফেরা উচিত না।’

১৯৯৩ সালে শেষবারের মতো কোপা আমেরিকার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। তার পর থেকে বড় কোনো প্রতিযোগিতারই শিরোপা জিততে পারেনি আকাশি-সাদারা। এবার সেই শিরোপাখরা ঘোচানোর জন্য মরিয়াই হয়ে আছেন মেসি-মাচেরানোরা। শেষ পর্যন্ত সত্যিই তাঁরা শিরোপা জয়ের উল্লাসে মেতে উঠতে পারবেন কি-না, সেটাই দেখার বিষয়।