গৃহযুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহার, প্রশ্নের মুখে শ্রীলঙ্কা সরকার
আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার ২৬ বছরের গৃহযুদ্ধের একেবারে শেষ পর্যায়ে দেশটির সরকার জনগণের উপর ক্লাস্টার বোমা ব্যবহার করেছিল বলে প্রমাণ পাওয়া গেছে। সদ্য আবিষ্কৃত কিছু ছবিতে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে এবং সেইসাথে বেরিয়ে পড়েছে শ্রীলঙ্কার সেনাবাহিনীর কুকর্মের একটি কুৎসিত সত্য।

সাম্প্রতিক এই উদ্ঘাটনে যুদ্ধে শ্রীলঙ্কা সরকারের কার্যক্রম নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। কারণ গৃহযুদ্ধের একেবারে শেষপর্যায়ে সামরিক বাহিনির তদারকি করেছে মন্ত্রীসভার জ্যেষ্ঠ কয়েকজন সদস্য।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত এই নতুন ছবিগুলোতে দেখা যায়, ২০০৮ সালে যুদ্ধের শেষভাগে দেশটির যে অঞ্চলগুলোতে যুদ্ধ হয়েছিল সেখানে ভূমিতে পোঁতা মাইন বোমা উদ্ধার গিয়ে খুঁজে পাওয়া গেছে ক্লাস্টার বোমার অস্তিত্ব।
বোমা উদ্ধারে জড়িত সাবেক এক কর্মী উদ্ধারকৃত বোমার ছবির পাশাপাশি সাক্ষ্য দিয়ে বলেছেন, বোমাগুলো এমন জায়গায় পাওয়া গেছে যেখানে শ্রীলঙ্কা সরকার অস্ত্রমুক্ত বলে ঘোষণা দিয়েছিল এবং যেখানে ওই সময় ৩ লাখ বেসামরিক মানুষকে নিরাপত্তার খাতিরে জড়ো হতে বলা হয়েছিল। ক্লাস্টার বোমার অস্তিত্ব এই কারনেই যুদ্ধে শ্রীলঙ্কা সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে।
উল্লেখ্য, শ্রীলঙ্কার গৃহযুদ্ধ শুরু হয়েছিল ১৯৮৩ সালে, চলেছে ২০০৯ সাল পর্যন্ত। যুদ্ধ হয়েছিল শ্রীলঙ্কা সরকার এবং দুর্ধর্ষ মুক্তিবাহিনী হিসেবে খ্যাত বিদ্রোহী তামিল টাইগারসদের সাথে। ২০০৯ সালে তামিল নেতা ভেলুপিল্লাই প্রভাকরনের মৃত্যুর মধ্য দিয়ে সমাপ্ত হয় যুদ্ধ। যুদ্ধে এক লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।











