বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সমকামীদের র‌্যালি নিষিদ্ধ করল তুরস্ক

 

আন্তর্জাতিক ডেস্ক :তুরস্কের ইস্তাম্বুল শহরে চলতি বছর বাৎসরিক র‌্যালি করতে পারবে না দেশটির সমকামী সম্প্রদায়ের লোকেরা। ইস্তাম্বুল নগর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তাজনিত কারণেই এ বছর তাদের ওই র‌্যালিটি করতে দেয়া হচ্ছে না।নগর প্রশাসনের বরাত দিয়ে তুর্কি গণমাধ্যম দ্য ডেইলি সাবাহ জানিয়েছে, বিভিন্ন গণমাধ্যম, ওয়েবসাইট এবং সামাজিক মাধ্যম থেকে তারা জানতে পেরেছেন চলতি মাসের ১৯ থেকে ২৬ তারিখ পর্যন্ত সপ্তাহব্যাপী সমকামীরা একটি অনুষ্ঠান উদযাপন করতে যাচ্ছে।

2016_06_17_18_23_11_lyrlGJUVbhVckE2OfcvvvCp6ZeDI8g_original

 

নগর প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘জনগণের, বিশেষ করে অংশগ্রহণকারীদের নিরাপত্তার কথা ভেবে এবং জনশৃঙ্খলার কথা চিন্তা করে এই শহরে এ ধরনের কোনো অনুষ্ঠানের অনুমতি দেয়া হবে না।’এর আগে সমকামীদের ওই বাৎসরিক র‌্যালি প্রতিরোধের হুমকি দিয়েছিল দেশটির রক্ষণশীল তরুণ সম্প্রদায়। ‘গে প্রাইড প্যারেড’ নামের ওই র‌্যালিতে বন্ধে ‘প্রয়োজনীয় সব কিছু’ করার প্রত্যয়ও ব্যক্ত করেছিল তারা। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আলপেরেন হার্থস নামের একটি জাতীয়তাবাদী যুব সংগঠন ওই র‌্যালি রুখতে যেকোনো পদক্ষেপ নেয়ার ঘোষণা দেয়।

 

 

আলপেরেন হার্থস’র ইস্তাম্বুল প্রদেশের প্রধান কুরসাত মিকান সাংবাদিকদের বলেন, ‘প্রিয় কর্মকর্তারা আমরা এর সঙ্গে জড়াতে চাই না। হয় আপনারা এটা থামাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিন; অন্যথায় এটা আমরাই থামিয়ে দেবো। আমরা যেকোনো ঝুঁকি নিতে প্রস্তুত আছি। র‌্যালিটি থামাতে আমরা সরাসরি হস্তক্ষেপ করবো।’এছাড়া তুরস্কের তরুণদের আরো একটি সংগঠন ‘আনাতোলিয়া মুসলিম ইয়ুথ অ্যাসোসিয়েশন’ তাদের সামাজিক মাধ্যমে একই ধরনের হুমকি দিয়েছে। ২৬ জুন সমকামীদের ওই র‌্যালি থামিয়ে দিতে তারাও নিজেদের প্রত্যয়ের কথা জানিয়েছে।

 

 

তুরস্কের আইন অনুসারে, যেকোনো নাগরিক কর্তৃপক্ষকে অবহিত করে র‌্যালি বা প্রতিবাদ সমাবেশের আয়োজন করতে পারে। তবে জননিরাপত্তা বা শৃঙ্খলা ব্যহত হওয়ার আশঙ্কা থাকলে সরকার তা বন্ধ করে দিতে পারে।উল্লেখ্য, ২০১৩ সাল থেকে তুরস্কের ইস্তাম্বুলে সমকামীরা তাদের ওই বাৎসরিক অনুষ্ঠানটির আয়োজন করে আসছে। প্রতি বছর প্রায় ১০ হাজার লোক র‌্যালিটিতে অংশগ্রহণ করে। গত বছর ওই র‌্যালিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ভয়ানক সংঘর্ষে জড়ায় সমকামী সম্প্রদায়ের সদস্যরা।