ইস্তাম্বুলে সমকামী র্যালি প্রতিহতের হুমকি রক্ষণশীলদের
আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের ইস্তাম্বুল শহরে সমকামীদের বাৎসরিক র্যালি প্রতিরোধের হুমকি দিয়েছে দেশটির রক্ষণশীল সম্প্রদায়। আগামী ২৬ জুন অনুষ্ঠিত হতে যাওয়া ‘গে প্রাইড প্যারেড’ নামের ওই র্যালিতে বন্ধে ‘প্রয়োজনীয় সব কিছু’ করার প্রত্যয়ও ব্যক্ত করেছে রক্ষণশীল সম্প্রদায়ের লোকজন।মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আলপেরেন হার্থস নামের একটি জাতীয়তাবাদী যুব সংগঠন ২৬ জুনের ওই র্যালি রুখতে যেকোনো পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে। যুবকদের এই সংগঠনটি তুর্কি জাতীয়তাবাদী রাজনৈতিক দল গ্রেট ইউনিয়ন পার্টির অঙ্গ সংগঠন।

২০১৩ সাল থেকে তুরস্কের ইস্তাম্বুলে সমকামীরা তাদের ওই বাৎসরিক অনুষ্ঠানটির আয়োজন করে আসছে। প্রতি বছর প্রায় ১০ হাজার লোক র্যালিটিতে অংশগ্রহণ করে।আলপেরেন হার্থস’র ইস্তাম্বুল প্রদেশের প্রধান কুরসাত মিকান সাংবাদিকদের বলেন, ‘প্রিয় কর্মকর্তারা আমরা এর সঙ্গে জড়াতে চাই না। হয় আপনারা এটা থামাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিন; অন্যথায় এটা আমরাই থামিয়ে দেবো। আমরা যেকোনো ঝুঁকি নিতে প্রস্তুত আছি। র্যালিটি থামাতে আমরা সরাসরি হস্তক্ষেপ করবো।’
তিনি আরো বলেন, ‘আমাদের ভূমিতে আমরা এ ধরনের কিছু হতে দেবো না। আমরা আমাদের সতর্কতা জানিয়ে দিলাম। যা ঘটতে যাচ্ছে তারপরে যা হবে তার জন্য কেউ দায়ী নয়।’এছাড়া তুরস্কের তরুণদের আরো একটি সংগঠন ‘আনাতোলিয়া মুসলিম ইয়ুথ অ্যাসোসিয়েশন’ তাদের সামাজিক মাধ্যমে একই ধরনের হুমকি দিয়েছে। ২৬ জুন সমকামীদের ওই র্যালি থামিয়ে দিতে তারাও নিজেদের প্রত্যয়ের কথা জানিয়েছে।
এদিকে সমকামীদের বাৎসরিক ওই র্যালির একজন প্রতিনিধি গোরকেম উলুমেরিক জানান, তুরস্কের সমকামীদের বৃহত্তর সমাজের সঙ্গে পরিচিত করিয়ে দিতে র্যালিটি খুবই গুরুত্বপূর্ণ। সমকামীরা দেশের বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত বলেও তিনি মত প্রকাশ করেন।নাম না প্রকাশ করার শর্তে তুরস্ক সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ইস্তাম্বুলে ২৬ জুন র্যালির ব্যাপারে সরকারের কাছে এখনো কোনো আবেদন করা হয়নি। যেকোনো ধরনের মিছিল, র্যালি বা অনুষ্ঠানের ব্যাপারে ইস্তাম্বুলের গভর্নরের কাছে অবশ্যই আবেদন করতে হবে বলেও জানান তিনি।
তুরস্কের আইন অনুসারে, যেকোনো নাগরিক কর্তৃপক্ষকে অবহিত করে র্যালি বা প্রতিবাদ সমাবেশের আয়োজন করতে পারে। তবে জননিরাপত্তা বা শৃঙ্খলা ব্যহত হওয়ার আশঙ্কা থাকলে সরকার তা বন্ধ করে দিতে পারে।











