ফেসবুক ‘স্প্যাম কিং’র আড়াই বছরের কারাদন্ড
আন্তর্জাতিক ডেস্ক :স্প্যাম ইমেইল মানেই বিরক্তি। কেউ যদি ফেসবুক ব্যবহারকারীদের কাছে একসাথে ২ কোটি ৭০ লাখ স্প্যাম মেইল প্রেরণ করেন, সে তো নিজেকে স্প্যাম কিং হিসেবে দাবি করতেই পারে। এমনি একজন স্প্যাম কিং খ্যাত স্যানফোর্ড ওয়ালেস নামের এক ব্যক্তিকে আড়াই বছরের কারাদন্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত।

শুধু কারাদন্ডেই শাস্তি শেষ নয়, তাকে গুণতে হবে অর্থ দন্ড। জরিমানার পরিমাণ ৩ লাখ ১০ হাজার মার্কিন ডলার। তার বিরুদ্ধে ইন্টারনেটে প্রতারণার অভিযোগও আনা হয়। যুক্তরাষ্ট্রে বসবাসরত এই স্প্যাম কিং’কে নজরদারি করে গ্রেপ্তার করে এফবিআই।ইন্টারনেট ব্যবহারকারীদের সঙ্গে কোনরকম সম্পর্ক না থাকলেও বিজ্ঞাপনী ও প্রতিষ্ঠানের প্রচারণামুলক যেসব ইমেইল সাধারণভাবে সবার অ্যাকাউন্টে পাঠানো হয়, সেগুলোকে স্প্যাম ইমেইল বলে।
মার্কিন অ্যাটর্নি আদালত জানান, ফেসবুক ব্যবহারকারীদের সম্পর্কে নানা তথ্য অবৈধভাবে সংগ্রহ করেছেন মি. ওয়ালেস। এই তথ্যগুলো তিনি অবৈধভাবে সংরক্ষণ করেন এবং নিজের স্বার্থে ব্যবহার করেছেন।ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে, তাদের একাউন্ট ও ইমেইল ব্যবহার করে অন্যদের কাছে এরকম ইমেইল পাঠাতেন মি. ওয়ালেস।
২০০৮ থেকে ২০০৯ সালের দিকে এসব স্প্যাম ইমেইল পাঠানো হয়। বিপুল পরিমাণ স্প্যাম ছড়ানোর ঘটনা দেখার পর এফবিআই তদন্তে নামে এবং তাকে গ্রেপ্তার করে।











