দালাই লামাকে চীনের সঙ্গে কথা বলার পরামর্শ ওবামার
আন্তর্জাতিক ডেস্ক : চীনের ক্ষোভ সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউজে তিব্বতের আধ্যাত্মিক ধর্মীয় নেতা দালাই লামার সঙ্গে একান্তে বৈঠক করেছেন । এই বৈঠকে ওবামা লামাকে চিনের সঙ্গে আলোচনা করার উৎসাহিত করেছেন।

হোয়াইট হাউজের ম্যাপ রুমে রুদ্ধদ্বার বৈঠক করেছেন ওবামা ও লামা। তারা দুজনে এর আগেও বেশ কয়েকবার সাক্ষাৎ করেছেন। কিন্তু নির্বাসিত বৌদ্ধ ধর্মীয় নেতা লামাকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে মনে করে চীন। বুধবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র লু ক্যাং ওবামা-দালাই লামা বৈঠকের নিন্দা জানিয়েছেন।
তিনি বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র এই বৈঠকের সিদ্ধান্ত নিয়ে থাকে তবে এটা তিব্বতের স্বাধীনতা এবং বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে ভুল বার্তা দিচ্ছে। এতে চীন-যুক্তরাষ্ট্র পারস্পারিক আস্থা এবং সহযোগিতার সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে।’
এদিকে বৈঠকের পর হোয়াইট হাউজ জানিয়েছে, দালাই লামা ও চীনের মধ্যে সরাসরি আলোচনার জন্য উৎসাহ দিয়েছেন ওবামা। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জন আর্নেস্ট বলেছেন, ‘তিব্বতকে যুক্তরাষ্ট্র গণপ্রজাতন্ত্রী চীনের অংশ হিসেবে বিবেচনা করে। তাই তিব্বতের স্বাধীনতার প্রতি যুক্তরাষ্ট্র সমর্থন জানায়নি।’
তিনি আরও বলেন, ‘বৈঠকে দালাই লামা ও ওবামা দুজনেই চীন-যুক্তরাষ্ট্রের মধ্যকার গঠনমূলক ও ফলপ্রসু সম্পর্কের গুরুত্ব অনুধাবন করেন। বৈঠকটি হওয়ার আগে থেকেই যুক্তরাষ্ট্রের নীতিগত অবস্থান যেমন ছিল,বৈঠকের পরেও তাই রয়েছে।’
দালাই লামাকে ‘ভাল বন্ধু’ হিসেবে মনে করেন ওবামা। ১৯৫৯ সালে চীনা শাসনের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার পর ভারতে পালিয়ে যান দালাই লামা। তিব্বতের স্বায়ত্তশাসন দাবি করলেও তাকে বিচ্ছিন্নতাবাদী হিসেবেই বিবেচনা করে চীন।











