সরকারি অর্থ অপব্যয় ও অপব্যবহারের দায়ে অভিযোগে পদত্যাগ করলেন টোকিও শহরের গভর্নর
আন্তর্জাতিক ডেস্ক : সরকারি অর্থ অপব্যয় ও অপব্যবহারের দায়ে অভিযুক্ত হবার পর পদত্যাগ করেছেন জাপানের টোকিও শহরের গভর্নর ইয়োইচি মাসুজোয়ে। বুধবার রাতে পার্লামেন্টে তার বিরুদ্ধে অনাস্থা ভোট হওয়ার কথা রয়েছে।

গভর্নর ইয়োইচি মাসুজোয়ের বিরুদ্ধে যেসব দুর্নীতির অভিযোগ আনা হয়েছে সেগুলোর অন্যতম হচ্ছে ছুটি কাটানোর সময় সরকারি অর্থের যথেচ্ছ ব্যবহার এবং সরকারি অর্থে নিজ সন্তানদের বই উপহার দেয়া। তবে শুরু থেকেই এসব অভিযোগ নাকচ করে আসছেন গভর্নর। এ সম্পর্কে তার বক্তব্য হচ্ছে, হয়ত নীতিগতভাবে কিছুটা ভুল ছিল। কিন্তু সরকারি অর্থ ব্যক্তিগত কাজে খরচের ইচ্ছা নিয়ে কাজটি করেননি তিনি।
এদিকে তার এই পদত্যাগের কারণে বিপাকে পড়েছে শিনজো আবে সরকার। আগামী ১০ জুলাই জাপানের নির্বাচনে এই পদত্যাগের ঘটনার প্রভাব পড়তে পারে বলে ধারণা করছে সেখানকার গণমাধ্যম। এছাড়া আসন্ন অলিম্পিক গেমসের আয়োজনেও এই পদত্যাগ প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। কেননা ২০২০ সালে অলিম্পিকের স্বাগতিক দেশ জাপান। টোকিও শহরকে কেন্দ্র করেই চলবে এ আয়োজন।











