গ্রুপ পর্ব থেকেই মোহামেডানের বিদায়
স্পোর্টস ডেস্ক : ফেডারেশন কাপের সফলতম দল, রেকর্ড দশবারের চ্যাম্পিয়ন। কিন্তু সেই মোহামেডান এবার গ্রুপ পর্বই পেরোতে পারল না। বিজেএমসির কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে ফেডারেশন কাপের গ্রুপ পর্ব থেকে।
মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট। মৌসুম সূচনাকারী স্বাধীনতা কাপেও গ্রুপের গেরোতে আটকে গিয়েছিল সাদা-কালোরা। আজও একই ঘটনা। অবশ্য সাদা-কালোর এমন বিদায় দেখতে দেখতে সমর্থকেরা অভ্যস্তই হয়ে পড়েছেন। ফেডারেশন কাপের গ্রুপ থেকে তারা তিন বছর আগেও বিদায় নিয়েছে।
এই ফেডারেশন কাপে রহমতগঞ্জের সঙ্গে পিছিয়ে পড়েও ২-২ ড্র করেছিল মোহামেডান। আজ ড্র হলেও শেষ আটে চলে যেত সাদা-কালোরা। সেই সম্ভাবনাও তৈরি হয়েছিল মিলন পিছিয়ে পড়া ম্যাচে ৬৭ মিনিটে ১-১ করায়। কিন্তু দুই গোল করে বিজেএমসিকে গ্রুপ চ্যাম্পিয়ন করে শেষ আটে নিয়ে গেলেন জাতীয় দলের সাবেক স্ট্রাইকার মেহেদি হাসান তপু। তাঁর ওই দুই গোল ৩৩ ও ৮৩ মিনিটে।











