ধর্ম নয়, সমকামী বিরোধিতা থেকেই হামলা : মতিনের বাবা
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডো শহরের ‘পালস’ নামক সমকামী নাইটক্লাবটি হামলাকারী ওমর মতিন ছিলেন সমকামী চিন্তাধারা বিরোধী। এই হামলার সঙ্গে ধর্মের কোন যোগ নেই বলে জানিয়েছেন মতিনের বাবা।
উল্লেখ্য, স্থানীয় সময় শনিবার মধ্যরাতে পালস নাইটক্লাবে হামলায় ৫০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৫৫ জন।
২৯ বছর বয়স্ক বন্দুকধারী হামলাকারীর নাম ওমর মতিন এবং তিনি আফগান বংশোদ্ভূত মার্কিন নাগরিক। তার বাবা মীর সিদ্দিক বলেন, ‘ওমর মতিনের সমকামী-বিরোধী মনোভাবই এ হামলায় তাকে উদ্বুদ্ধ করে থাকতে পারে। এর সঙ্গে ধর্মের কোন সম্পর্ক নেই। সম্প্রতি মিয়ামিতে সমকামী যুগলকে চুম্বনরত অবস্থায় দেখার পর সে ক্রুদ্ধ হয়ে উঠেছিল।’
সেদ্দিক আরো বলেন, এই হামলায় সারা দেশের মতো আমিও স্তম্ভিত। পরিবারের পক্ষ থেকে আমি দু:খ প্রকাশ করছি।
আক্রমণকারী বন্দুকধারী পরিচয় সম্পর্কে বিবিসি জানায়, এই বন্দুকধারীর নাম ওমর মতিন এবং তার বয়েস ২৯। তিনি এর আগে কোন সন্দেহভাজন সন্ত্রাসীর তালিকায় ছিলেন না। তবে অন্য একটি অপরাধমূলক ঘটনার জন্য তার বিরুদ্ধে তদন্ত চলছিল। তবে সেটির সঙ্গে নাইটক্লাবে আক্রমণের ঘটনার কোন সম্পর্ক নেই।
সিবিএস নিউজ জানায়, ওমর মতিনের বাড়ি ফ্লোরিডার পোর্ট সেন্ট লুসিতে। সে একজন মার্কিন নাগরিক এবং তার বাবা-মা আফগান। পুলিশ অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে তাকে সনাক্ত করে নি।
এফবিআইয়ের কর্মকর্তা রোনাল্ড হপার বলেন, “আমরা আভাস পাচ্ছি যে লোকটির উগ্রপন্থী ইসলামী আদর্শে আগ্রহী ছিল, যদিও তা এখনো নিশ্চিত করা যায় নি। মনে করা হচ্ছে, আক্রমণকারী একাই ছিল এবং সে এই এলাকার স্থানীয় কোন বাসিন্দা নন।”
প্রত্যক্ষদর্শী এবং পুলিশের বর্ণনা থেকে জানা যায়, পালস নাইটক্লাবে শহরের সমকামীদের প্রধান কেন্দ্র। ওমর মতিনের হাতে ছিল দুটি আগ্নেয়াস্ত্র। একটি ছিল অ্যাসল্ট রাইফেল আর অপরটি ছিল হ্যান্ডগান। এছাড়া তার শরীরে একটা বিস্ফোরক বাঁধা ছিল।
এর আগে যে বর্ণনা পাওয়া যায় তাতে বলা হয়েছিল, আক্রমণকারী সুইসাইড ভেস্ট বা আত্মঘাতী হামলাকারীরা যে ধরণের বিস্ফোরকভর্তি পোশাক পরে তা পরা ছিল।
বন্দুকধারী নাইটক্লাবের ভেতরে চারদিকে নির্বিচারে গুলি করতে থাকে এবং কিছু লোককে জিম্মি করে। প্রথম গুলিবর্ষণের প্রায় তিন ঘন্টা পর পুলিশ জিম্মিদের উদ্ধারের জন্য নাইটক্লাবের ভেতরে ঢোকার সিদ্ধান্ত নেয়। ভেতরে ঢোকার পর বন্দুকধারীর সঙ্গে পুলিশের গোলাগুলি হয়। এক পর্যায়ে পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত হয়। এর পর পুলিশ আক্রমণকারীর গায়ে বাঁধা বস্তুটির নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটায়।











