আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে মেসি
স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারে ক্লাব ফুটবলের অনেক রেকর্ডই নিজের করে নিয়েছেন লিওনেল মেসি। এবার আন্তর্জাতিক রেকর্ডের খুব কাছে চলে গেছেন মেসি।পানামার বিপক্ষে হ্যাটট্রিক করে জাতীয় দলের হয়ে গাব্রিয়েল বাতিস্তুতার সর্বোচ্চ গোলের রেকর্ড থেকে মাত্র তিন গোল দূরে তিনি।
জাতীয় দলের হয়ে মেসির গোল এখন ৫৩টি। ৫৬ গোল নিয়ে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা সাবেক স্ট্রাইকার বাতিস্তুতা। আর্জেন্টিনার ২৩ বছরের শিরোপা-খরা কাটানোর মিশন নিয়ে আসা মেসি হয়ত এবারের কোপা আমেরিকাতেই এই রেকর্ড নিজের করে নিতে পারবেন।
পিঠের চোটেরে কারণে কোপা আমেরিকার শতবর্ষী আসরে চিলির বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচটি খেলতে পারেননি মেসি। শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার সকালে হওয়া পানামার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরেই ভক্ত-সমর্থকদের মন ভরিয়ে দিলেন আর্জেন্টিনার অধিনায়ক। অসাধারণ এক হ্যাটট্রিক করে দলকে এনে দিলেন ৫-০ গোলের জয়।











