ইংল্যান্ডে স্বরূপে ফিরলেন বুম বুম আফ্রিদি
স্পোর্টস ডেস্ক : ভারতে শেষ হওয়া টি২০ বিশ্বকাপ থেকে পাকিস্তানের বাজেভাবে বিদায়ের পর অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেন শহীদ আফ্রিদি। তার অধিনায়কত্ব নিয়েই বেশি সমালোচনা চলছিল। একরকম বাধ্য হয়েই দায়িত্ব ছাড়েন আফ্রিদি।
পাকিস্তানের হয়ে বহু ম্যাচ জয়ের নায়ক আফ্রিদি দল থেকেই বাদ পড়েছেন। পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক প্রধান নির্বাচক হওয়ার পর যে দল ঘোষণা করেন সেখানে জায়গা হয়নি ৩৬ বছর বয়সী এ অলরাউন্ডারের।
ইংল্যান্ডে চলছে কাউন্টি। সেখানে দুর্দান্তভাবে নিজেকে মেলে ধরেছেন আফ্রিদি। ইংলিশ কাউন্টিতে হ্যাম্পশায়ারের হয়ে খেলছেন আফ্রিদি। কেন্টের বিপক্ষে ম্যাচে তার অলরাউন্ড নৈপুণ্যে ৯ রানের জয় পেয়েছে হ্যাম্পশায়ার।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৮ রান করে হ্যাম্পশায়ার। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন কারবেরি। আফ্রিদি করেন ১৪ বলে দুই চারের সাহায্যে ২১ রান।
১৫৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আফ্রিদির ঘূর্ণিতে ১৪৯ রানেই গুটিয়ে যায় কেন্টের ইনিংস। কেন্টের পক্ষে বেল ড্রুম্মোন্ড সর্বোচ্চ ৬৪ রান করেন। আফ্রিদি ৩৩ রান দিয়ে ৩ উইকেট লাভ করেন।
ব্যাট ও বল হাতে অলরাউন্ড নৈপুণ্যের কারণে ম্যাচ সেরার পুরস্কার পান আফ্রিদি।











