বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২০১২ সালের পর সিরিয়ার দারায়াতে প্রথম ত্রাণবহর, নেই খাবার

 

আন্তর্জাতিক ডেস্ক :দারায়াতে ত্রাণবহর প্রবেশ করছেগৃহযুদ্ধকবলিত সিরিয়ার অসহায় মানুষদের জন্য জন্য জরুরি ভিত্তিতে ত্রাণ পৌঁছানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দেওয়া সময়সীমার মধ্যে দেশটির মাত্র দুটি অবরুদ্ধ এলাকায় ত্রাণ বহর পৌঁছেছে। অথচ সিরিয়ার অবরুদ্ধ এলাকার সংখ্যা ১৯টি। তাছাড়া জাতিসংঘ, আন্তর্জাতিক রেডক্রস ও সিরিয়ান আরব রেড ক্রিসেন্টের সহায়তায় পাঠানো ত্রাণ বহরে মেডিক্যাল সরঞ্জামাদি এবং শিশুদের জন্য দুধের মতো পুষ্টিকর দ্রব্য থাকলেও এর মধ্যে অন্য কোনও খাদ্যদ্রব্য নেই। এমন পরিস্থিতিতে সিরিয়ার অবরুদ্ধ শহরগুলোতে বিমান থেকে ত্রাণ ফেলার কাজ শুরু করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স। বিমান থেকে ত্রাণ ফেলা নিয়ে শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনা হওয়ারও কথা রয়েছে।

7b06a4b23298d8f7581dd2f71c536012-574fad14a8a60
গত মাসে ইন্টারন্যাশনাল সিরিয়া সাপোর্ট গ্রুপ (আইএসএসজি) সিরিয়ায় জরুরি ভিত্তিতে ত্রাণ সরবরাহের জন্য ১ জুনের সময়সীমা দিয়েছিল। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নেতৃত্বে আরব লিগ, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘসহ ১৭টি বিশ্ব ও আঞ্চলিক শক্তি নিয়ে আইএসএসজি গঠিত। আইএসএসজি-এর সময়সীমার মধ্যে, বুধবার সামান্য সংখ্যক ত্রাণ পৌঁছানো গেছে। তবে দামেস্কের কাছের এলাকা দারায়াতে যাওয়া ত্রাণবহরটিতে কোনও খাবার ছিল না। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছিল এ দারায়া থেকেই।

বুধবার সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর দারায়াতে প্রথম ত্রাণবহরটি পৌঁছায়। ২০১২ সালে সরকারিভাবে শহর অবরুদ্ধ করা শুরু করার পর এবারই প্রথম ত্রাণ পৌঁছালো সেখানে। নিজস্ব প্রতিনিধির বরাতে আল জাজিরা জানায়, বহরটিতে মেডিক্যাল সরঞ্জামাদি, ভ্যাক্সিন এবং কিছু পুষ্টিকর দ্রব্য ছিল। তবে সেখানে কোনও ভারি খাবার ছিল না। অসমর্থিত সূত্রকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, সিরিয়ার সরকার সব ধরনের মেডিক্যাল সরঞ্জামাদিও ঢুকতে দেয়নি। যেমন-সার্জিক্যাল কিট দারায়াতে ঢুকতে পারেনি।

 

 

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড অভিযোগ করেন, সিরিয়ায় ত্রাণ সরবরাহ নির্বিঘ্ন করার সুযোগ দেওয়ার জন্য দেশটির সরকারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানে সাড়া মেলেনি। তিনি বলেন, ‘বিমান থেকে ত্রাণ ফেলাটা জটিল, ব্যয়সাপেক্ষ এবং ঝুঁকিপূর্ণ হলেও সিরিয়ার অবরুদ্ধ শহরে দুর্ভোগে থাকা মানুষদের খানিক স্বস্তি দিতে এটিই শেষ উপায়।’

 

রাশিয়া আর ইরানের প্রতি আহ্বান জানিয়ে হ্যামন্ড বলেছেন, বিমান থেকে ত্রাণ ফেলার কাজ নিরাপদ করতে এ দুটি দেশ যেন তাদের বন্ধু সিরিয়ার সরকারের ওপর প্রভাব খাটায়।তবে বুধবার সিরিয়ায় যে ত্রাণ পৌঁছেছে তাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছে রাশিয়া। অন্যদিকে আইএসএসজি-এর ডেডলাইনের দিনে বুধবার ত্রাণ পৌঁছানোর জন্য সীমিত সুযোগ দেওয়াকে বিদ্রুপাত্মক বলে উল্লেখ করেছেন হ্যামন্ড।

 

উল্লেখ্য, সিরিয়ায় ৫ বছরের গৃহযুদ্ধে অন্তত ২ লাখ ৮০ হাজার মানুষের প্রাণহানি হয়েছে। ঘরহারা হয়েছেন আরও লাখ লাখ মানুষ। জাতিসংঘের হিসেব অনুযায়ী, সিরিয়ায় ৪৬ লাখ মানুষের কাছে পৌঁছানো কঠিন। এর মধ্যে ৬ লাখ মানুষই অবরুদ্ধ শহরে বাস করেন।