বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চিত্রনায়িকা মাহিকে স্ত্রী দাবিকারী শাওন গ্রেফতার

mahi-marriageনিউজ ডেস্ক : চিত্রনায়িকা মাহিয়া মাহিকে স্ত্রী দাবি করায় শাওন নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার শাওনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান।

ফেসবুকে আপত্তিকর ছবি প্রকাশের ঘটনায় সাইবার ক্রাইম আইনে মামলা দায়ের করেন মাহি। ওই মামলাতেই শাওনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর রিমান্ডেও নেয়া হয়েছে শাওনকে। আর রিমান্ডে বিভিন্ন তথ্য দিয়েছেন শাওন।

শাওন জানিয়েছেন, স্কুল জীবন থেকেই মাহীর সঙ্গে শাওনের পরিচয়। তারা উত্তরায় একই স্কুলে লেখাপড়া করেছেন। মাহির সঙ্গে শাওনের প্রেমের সম্পর্ক ছিল বলে দাবি করেন তিনি। তবে বিয়ের কোনও প্রমাণ দেখাতে পারেননি শাওন।

প্রসঙ্গত গত বুধবার সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেছেন ঢাকাই চলচ্চিত্রের সম্ভাবনাময়ী নায়িকা মাহি। বিয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহিকে নিয়ে কিছু ছবি ভাইরাল হয়ে পড়ে। বলা হয়, মাহির এর আগেও বিয়ে হয়েছিল। তাও একবার নয়, দুইবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মাহি।

বিভিন্ন গণমাধ্যমে এনিয়ে খবরও প্রকাশ করা হয়। খবরে দাবি করা হয়, চিত্রনায়িকা মাহির এর আগে ২০১০ সালে পলাশ নামের এক ব্যক্তির সঙ্গে ও ২০১৫ সালে শাওন নামে আরেক জনের সঙ্গে বিয়ে হয়েছিল। তবে মাহির সংসার বেশি দিন টেকেনি।

তবে ছবিগুলোকে ফেক বলে দাবি করেছেন তিনি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হেয় করতেই এসব করা হচ্ছে বলে জানান মাহি।

মাহি জানান, যারা এসব করছে তাদের বিরুদ্ধে সাইবার ক্রাইম আইনে মামলা করা হয়েছে। তারা নিজেরাই এ ব্যাপারে মুখ খুলবেন।

তিনি বলেন, যারা আমার বিরুদ্ধে নেতিবাচক খবর ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আমি কঠোর ব্যবস্থা নেব। একটু অপেক্ষা করুন।

ফেসবুকে প্রকাশিত ছবিগুলো সম্পর্কে মাহি বলেন, ছবিগুলো শুটিং চলাকালে তোলা। শাওন ওই সময় মজা করে আমার সঙ্গে এসব ছবি ক্যামেরাবন্দি করে। বিয়ের কথা নিয়ে যে খবর ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা।