মুস্তাফিজ বিহীন হায়দরাবাদকে ফাইনালে নিলেন ওয়ার্নার
স্পোর্টস ডেস্ক : সানরাইজার্স হায়দরাবাদের একাদশে মুস্তাফিজুর রহমানকে না দেখে হতাশ হয়েছিল বাংলাদেশের মানুষ। কিন্তু যারা ম্যাচটি দেখেছেন তাদের নিশ্চয় তৃপ্তি দিয়েছে হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ব্যাটিং। তার অপরাজিত ৯৩ রানের ইনিংসের ওপর ভর করে গুজরাট লায়ন্সের ১৬২ রান হায়দরাবাদ ৬ উইকেট হারিয়ে টপকে গেছে ৪ বল হাতে রেখেই। দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে ওয়ার্নার-মুস্তাফিজদের রোববারের ফাইনালে প্রতিপক্ষ রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
নবম আইপিএলে প্রথম খেলতে গিয়ে টানা ১৫টি ম্যাচ খেলে ১৬ তম ম্যাচে এসে একাদশে ছিলেন না বাংলাদেশের পেস বিস্ময় মুস্তাফিজ। সামান্য চোট থাকায় হয়তো হায়দরাবাদ ম্যানেজম্যান্ট তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি। তাই মুস্তাফিজকে বাইরে রেখে খেলানো হয়েছে ট্রেন্ট বোল্টকে।
এদিন গুজরাটের ১৬২ রান তাড়া করতে নেমে শুরুটা যেমন হওয়া দরকার ছিল সেরকমটা হয়নি হায়দরাবাদের। মাত্র ৬ রানে শিখর ধাওয়ান কোন রান না করেই বিদায় নেন। ময়েজেস হেনরিকস (১১) ফিরে যান ৩৩ রানে। সেট হতে পারেননি যুবরাজ সিংও (৮)। দীপক হুদা ৪, বেন কাটিং ৮ রানের বেশি করতে পারেননি।
সতীর্থদের এরকম ব্যর্থতার রাতে বোধহয় পণই করেছিলেন ওয়ার্নার যে, তিনি ম্যাচ শেষ করে তবেই ড্রেসিং রুমে ফিরবেন। শেষ পর্যন্ত ৯৩ রানের অসাধারণ এক ইনিংস খেলে হায়দরাবাদকে ফাইনালে তুলে তবেই ওয়ার্নার ফিরেছেন। ৫৮ বলে খেলা তার এই ইনিংসে ছিল ১১টি চার ও তিনটি ছক্কা।
শেষের দিকে ওয়ার্নারকে যিনি বড় ভরসা দিয়েছেন সেই বিপুল শর্মার অবদানও কম নয়। তিনি মাত্র ১১ বল খেলে তিন ছয়ের সাহায্যে ২৭ রান করে অপরাজিত ছিলেন। শিভিল কৌশিক ২২ ও ডোয়াইন ব্রাভো ৩২ রানের বিনিময়ে পেয়েছেন ২টি করে উইকেট।
এরআগে দিল্লির ফিরোজ শাহ কোটলায় টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে স্কোরবোর্ডে ১৬২ রান তোলে গুজরাট লায়ন্স। ১৯ রানে ডিবেদি (৫) এবং অধিনায়ক রায়নাকে (১) হারিয়ে বড়সড় ধাক্কা খায় দলটি। তবে অন্যপ্রান্তে গুজরাটকে কক্ষপথে রাখেন ব্রেন্ডন ম্যাককালাম ও দিনেশ কার্তিক। তৃতীয় উইকেটে তারা যোগ করেন ৪৪ রান।
১৯ বলে ২৬ রান করা কার্তিককে রানআউটের ফাঁদে ফেলে এই জুটি ভাঙেন মুস্তাফিজের বদলে দলে ঢোকা কিউই ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট। হাত খোলার আগেই ৮১ রানে ম্যাককালামকে থামিয়েছেন বিপুল শর্মা। তিনি ২৯ বলে পাঁচ চারের সাহায্যে করেছেন ২৯ রান।
তবে গুজরাটের ১৬২ রানের পুঁজিতে বড় অবদান রেখেছেন অস্ট্রেলিয়ান অ্যারন ফিঞ্চ। তিনি ৩২ বলে ৫০ রানের ইনিংস খেলে দিয়ে গেছেন। সাত চারের সঙ্গে ছয় মেরেছেন দুটি। শেষের দিকে ১০ বলে ২০ রান করেন ডোয়াইন ব্রাভো। ১৫ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন রবিন্দ্র জাদেজা।
২৭ রানে ২ উইকেট নিয়ে হায়দরাবাদের সবচেয়ে সফল বোলার ভুবনেশ্বর কুমার। ২০ রানে ২ উইকেট নিয়েছেন বেন কাটিং। বিপুল ২১ ও বোল্ট ৩৯ রানের বিনিময়ে পেয়েছেন ১টি করে উইকেট। দুর্দান্ত ইনিংসের পুরস্কার পেয়েছেন ওয়ার্নার, ম্যাচসেরা হয়ে।











