রান্নাবান্না শিখছি : মাহি
বিনোদন প্রতিবেদক : হঠাৎ করেই বিয়ে করেছেন নায়িকা মাহিয়া মাহি। কিন্তু ঢালিউড বা বলিউডে বিয়ে করার পর অনেক নায়িকাই নানা কারণে সরে দাঁড়ান অভিনয় থেকে। এসব বাস্তবতা জানার পরও এ প্রজন্মের জনপ্রিয় নায়িকা মাহি হুট করে বিয়ে করে ফেলায় সংশয় দেখা দিয়েছে, তাহলে কি অভিনয় ছেড়ে দেবেন মাহি? চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তি ও ভক্ত-দর্শকের মধ্যে দেখা দিয়েছে এমন প্রশ্ন। এরই মধ্যে খলচরিত্রে খ্যাতিমান অভিনেতা মিশা সওদাগর তো নিজের ফেসবুক অ্যাকাউন্টে মাহির বিয়ে নিয়ে নেতিবাচক কথা বলেছেন। ক্যারিয়ারের এ মুহূর্তে মাহির বিয়ে করাকে ঠিক মেনে নিতে পারছেন না মিশার মতো অনেকেই। চলচ্চিত্রে অভিনয় ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে তাই কথা বলে মাহিয়া মাহির সঙ্গে। চলুন জেনে নিই, মাহি কী ভাবছেন বিয়ে-পরবর্তী ক্যারিয়ার নিয়ে।
প্রশ্ন : আপনার কয়েকটি চলচ্চিত্রের কাজ চলছে, আবার নতুন ছবি শুরু হওয়ার কথা রয়েছে। বিয়েটা যেহেতু হুট করেই হয়ে গেল, আপনার সেই কাজগুলোর কী হবে?
মাহি : হ্যাঁ, অবশ্যই আমি কাজগুলো করব। কেন করব না? শুটিং থেকে ছুটি নিয়ে বিয়ের অনুষ্ঠান করেছি।
প্রশ্ন : সামনে কোন ছবির কাজ করবেন?
মাহি : আমি আগামী মাসের প্রথম সপ্তাহে একটি ছবির শুটিং শুরু করছি। নতুন ছবি, আমি ছাড়া আর কে থাকছেন ছবিতে, তা এখনই বলতে চাইছি না। বদিউল আলম খোকন স্যারের ‘হারজিৎ’ ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু চিত্রনাট্য এখনো চূড়ান্ত হয়নি বলে শুটিং শুরু করতে পারছেন না। আমি খুবই স্পষ্টভাবে বলতে চাই, ছবির জন্য যে শিডিউল যেভাবে দেওয়া আছে, আমি সেভাবেই শুটিং করব। আমি অভিনয়ের বিষয়ে সব সময়ই সিরিয়াস, এ জন্য বিয়েতে নাক ফুরাইনি, ছবির কন্টিনিউটি ব্রেক হবে বলে।
প্রশ্ন : গত মঙ্গলবার রাতে আপনার গায়ে হলুদ অনুষ্ঠান হলো। সেদিনও নাকি অনুষ্ঠান শেষ করেই আপনি কোনো এক ছবি নিয়ে মিটিং করেছেন?
মাহি : গায়ে হলুদের অনুষ্ঠান থেকে শুরু করে এখন পর্যন্ত সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েই যাচ্ছি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, গায়ে হলুদের দিনই আমি সিনেমার মিটিং করেছি। এবং মিটিং সাকসেসফুল ছিল। জানি না কেন যেন ওর (মাহির বর অপু) সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে আমার সবকিছু ভালো হচ্ছে।
প্রশ্ন : কোন ছবির মিটিং করলেন?
মাহি : এ বিষয়ে কোনো কথা হবে না। বিয়ে নিয়ে প্রশ্ন করুন, সেসব আলাপ করব, আজ কাজের কথা নয়।
প্রশ্ন : আপনি কি মনে করেন, বিয়ের পর ঠিকঠাকভাবে চলচ্চিত্রে কাজ করতে পারবেন?
মাহি : এ বিষয়ে আমার স্বামীর সঙ্গে কথা হয়েছে। আমি এমনিতেই বেছে বেছে কাজ করি। এখন আরো বেছে কাজ করব। বছরে দু-একটা কাজ করার ইচ্ছা আছে, তবে নিয়মিত কাজ করতে চাই। কারণ এটাই আমার পরিচয়, ভালোলাগা, ভালোবাসা। আমি অভিনয় নিয়েই থাকতে চাই।
প্রশ্ন : আপনার স্বামী বা তাঁর পরিবারের পক্ষ থেকে বাধা এলে আপনি কী করবেন?
মাহি : ঘরে বসে ভাত রান্না করব। এরই মধ্যে আমি রান্নাবান্না শিখছি, দুদিন ধরে বাসায় ভাত রান্না করছি, বাকিটাও শিখে যাব। কিন্তু আমার কাছে মনে হয় না যে, আমাকে কাজ করতে দেবে না। তবে যদি না দেয়, তাহলে কিছু করার নেই। আমি ভাগ্যে বিশ্বাস করি। ভাগ্যে যদি না থাকে, তাহলে চলচ্চিত্র করা হবে না।
প্রশ্ন : আপনার সারা দেশে অনেক ভক্ত রয়েছেন, তাঁদের উদ্দেশে কিছু বলবেন কী?
মাহি : আমি জানি না, বিয়ের পর আমার ছবি ছেলেভক্তরা দেখতে যাবেন কি না। তাঁদের বলতে চাই, প্লিজ, তোমরা অবশ্যই আমার ছবি দেখতে যাবে। আর আমার ফেসবুকের ইনবক্সে অনেকেই লিখেছে, ‘যারে যাবি যদি যা’, আমি যেতে চাই না।











