বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিবের সঙ্গে এ কেমন আচরণ!

Shakib Al Hasan of Kolkata Knight Riders makes his ground during match 51 of the Vivo Indian Premier League 2016 ( IPL ) between the Gujarat Lions and the Kolkata Knight Riders held at The Green Park, Stadium in Kanpur, India on the 19th May 2016 Photo by Ron Gaunt / IPL/ SPORTZPICS
স্পোর্টস ডেস্ক : কলকাতা নাইট রাইডার্সে সাকিব আল হাসানের জায়গা অলরাউন্ডার হিসেবে। সুরেশ রায়নার গুজরাট লায়ন্সের বিপক্ষে বৃহস্পতিবার ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি।

শুধু সাকিব নন, এদিন অন্যদের মধ্যে সর্বোচ্চ ৩৬ রান করেছেন ইউসুফ পাঠান, ৩৬ বলের এই ইনিংস টি ২০-তে বেমানান। দ্বিতীয় সর্বোচ্চ রবিন উথাপ্পার ২৫ রান। সাকিব করেন মাত্র ৩ রান।

ফলে কলকাতার স্কোরও ৮ উইকেটে ১২৪ রানে থেমে যায়। গুজরাটের ডুয়েন স্মিথ চার ওভারে মাত্র ৮ রানে ৪ উইকেট নিয়ে একাই কলকাতার ব্যাটিং লাইন ধসিয়ে দেন, হন ম্যাচসেরাও।

এমন লো স্কোরিং ম্যাচে সাকিব বল হাতে কিছু একটা করবেন বা করতে পারতেন সেটিই অনুমিত। কিন্তু কলকাতার অধিনায়ক গৌতম গম্ভীর তার হাতে একটি বারের জন্যও বল দেননি। এতে বাংলাদেশী ক্রিকেটপ্রেমীরা বেশ অবাকই হয়েছেন।

ম্যাচের ফলও হয়েছে অনুমিত। ১৩.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নিয়েছে গুজরাট লায়ন্স। দলের পক্ষে রায়না ৩৬ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন।

এছাড়া অ্যারন ফিঞ্চ করেন ২৬ রান। তৃতীয় সর্বোচ্চ ১৭ রান এসেছে অতিরিক্ত থেকে। কলকাতার পক্ষে সুনীল নারিন, মরনে মরকেল ও অঙ্কিত রাজপুত একটি করে উইকেট পেয়েছেন।

এ জয়ে গুজরাট ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। তবে এখনও তাদের প্লে-অফ নিশ্চিত নয়। এক ম্যাচ কম খেলে মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদ রয়েছে শীর্ষে। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর সমান ম্যাচ ও পয়েন্ট নিয়ে চতুর্থ কলকাতা নাইট রাইডার্স।