বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হিলারির জয় কেন্টাকিতে, স্যান্ডার্সের অরেগনে

sandars-hillaryআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচনের ভোটাভুটিতে কেন্টাকি অঙ্গরাজ্যে অল্প ব্যবধানে প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সকে হারিয়েছেন হিলারি ক্লিনটন।

কিন্তু অরেগনে স্যান্ডার্সের কাছে হেরে গেছেন হিলারি। খবর রয়টার্সের।

কেন্টাকির প্রাইমারির এ ফলাফল মঙ্গলবার রাতে ঘোষণা করেন অঙ্গরাজ্যটির নির্বাচনী বোর্ডের প্রধান আলিসন লুনদেরগান গ্রিমেস।

দলটির প্রার্থী মনোনয়ন নিয়ে ডেমক্রেটরা কতোটা বিভক্ত হয়ে পড়েছে দুই প্রতিদ্বন্দ্বীর এই তীব্র প্রতিদ্বন্দ্বিতায় তা আরও একবার প্রকাশ পেল।

সিএনএনকে গ্রিমেস জানিয়েছেন, বেসরকারি ফলাফলে হিলারি খুব অল্প ব্যবধানে জয় পেয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

গ্রিমেস নিজেও হিলারির সমর্থক।

প্রতিবেশী পশ্চিম ভার্জিনিয়া ও ইন্ডিয়ানা অঙ্গরাজ্য স্যান্ডার্সের পক্ষে দাঁড়ানোর পর কেন্টাকিও হিলারির বিপক্ষে যাবে বলে ধারণা করা হচ্ছিল।

তাই কেন্টাকিতে কোনরকমে হার এড়াতে পেরে কিছুটা হলেও নিঃশ্বাস নেয়ার সুযোগ পেয়েছেন হিলারি।

কারণ ৭ জুনের চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতার আগেই নিরাপদ অবস্থানে পৌঁছানোর চেষ্টায় আছেন তিনি।

ডেলিগেট সমর্থনে হিলারি অনেক এগিয়ে থাকায় শেষ পর্যন্ত হিলারিই হবেন ডেমক্রেট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী, এমন ধারণা করা হচ্ছে।

কিন্তু তা নিশ্চিত করতে এখনও আরও ১০০ ডেলিগেটের সমর্থন প্রয়োজন হিলারির।

মঙ্গলবার কেন্টাকির পাশাপাশি অরেগনেও ডেমক্রেট দলীয় প্রাইমারি অনুষ্ঠিত হয়েছে। কেন্টাকিতে ৫৫ জন এবং অরেগনে ৬১ জন ডেমোক্রেট ডেলিগেট আছেন। প্রাপ্ত ভোটের অনুপাত অনুযায়ী মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে এসব ডেলিগেট ভাগ করে দেয়া হবে।

তাই ডেমক্রেট দলের মনোনয়ন দৌড়ের ফলাফল নির্ধারণে এই দুই অঙ্গরাজ্যের ফলাফল সামান্যই প্রভাব রাখবে।

নেভাদার এই সিদ্ধান্তে স্যান্ডার্স সমর্থকরা ক্রুদ্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। মঙ্গলবার নেভাদা ডেমক্রেটিক পার্টির এই সিদ্ধান্তের সমালোচনা করে স্যান্ডার্সও তার সমর্থকদের সঙ্গে সুর মিলিয়েছেন।

ডেমক্রেটিক পার্টির মনোনয়ন দৌড়ে স্যান্ডার্সের নিয়মিত উপস্থিতি হিলারি সমর্থকদের উদ্বিগ্ন করে তুলেছে।

তাদের ধারণা এতে ট্রাম্পের সঙ্গে প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ে হিলারি শিবির ক্ষতিগ্রস্ত হতে পারে।