ইয়েমেন সরকার শান্তি আলাচনায় অংশ নেবে না
আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করেছে ইয়েমেনী সরকার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদুল মালেক আল মিখলাফি মঙ্গলবার এ ঘোষণা দেন। চলতি মাসে দ্বিতীয়বারের মতো এ আলোচনা স্থগিত করলো ইয়েমেন। চলমান সংকট থামাতে জাতিসংঘ শান্তি আলোচনার এ উদ্যোগ নিয়েছিল।

ইয়েমেনে রাজধানী দখলে রাখা হুতি বিদ্রোহীদের সম্পর্কে এক টুইটার বার্তায় মিখলাফি বলেন, ‘নিজেদের দেয়া কথার না রাখার মাধ্যমে শান্তি আলোচনা সম্পূর্ণভাবে বানচাল করার চেষ্টা করছে বিদ্রোহীরা। আমি জাতিসংঘ দূতের প্রতি আহ্বান জানিয়েছি, এদের পেছনে আর কোনো সময় নষ্ট না করার জন্য।’
এছাড়া এতদিন ধরে চলে আসা আলোচনার সিদ্ধান্ত সমূহ মানতে তাদের বাধ্য করার অনুরোধও জানান তিনি। এ আলোচনায় ইয়েমেনের প্রতিনিধিত্ব করছেন মিখলাফি।
মূলত ইয়েমেনের ইচ্ছা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গৃহিত সিদ্ধান্তে হুতিদের সম্মত হতে বাধ্য করা। এতে দেশটির রাজধানীসহ অধিকৃত এলাকাগুলো ছেড়ে দেয়াসহ যেসব ভারী অস্ত্র তারা দখল করেছে তা ফেরত দিতে হবে।আলোচনার সঙ্গে সম্পর্কিত একটি সূত্র জানিয়েছে, আলোচনা স্থগিত করার সিদ্ধান্ত নেয়ার আগে মঙ্গলবার একটি বৈঠকে বসার কথা ছিল।মাত্র দুই দিন আগেই জাতিসংঘের বিশেষ দূত ইসমাইল উলদ শেইখ আহমেদ আশা প্রকাশ করেছিলেন, খুব শিগগিরই যুদ্ধবিধ্বস্ত দেশটিতে এ বিষয়ে সফল নিষ্পত্তি করা সম্ভব হবে। এছাড়া মুসলিম সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রমজান মাসের আগেই আটককৃত বন্দীদের অর্ধেক মুক্ত করে দেয়ার সিদ্ধান্ত গ্রহণের দ্বারপ্রান্তে ছিল দুই পক্ষ।











