বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ভারতীয় সেনা আমার শ্লীলতাহানি করেছে’ :  কাশ্মীরি কিশোরীর স্বীকারোক্তি

 

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারত অধিকৃত কাশ্মীর রাজ্যের হান্দোয়ারা এলাকার আলোচিত কিশোরী সোমবার এক সংবাদ সম্মেলনে ভারতীয় এক সেনার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছে। গত মাসে ওই ছাত্রীর শ্লীলতাহানির জের ধরেই উত্তাল হয়ে ওঠেছিল গোটা কাশ্মীর। এক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের সময় পুলিশের গুলিতে পাঁচজন নিহত হয়েছে। পরে অবশ্য ওই মেয়ের এফআইআরে উল্লেখ করা হয়েছিল, কোনো সেনার হাতে নয়, স্থানীয় দুই যুবক তাকে লাঞ্ছিত করেছিল। এই বিবৃতি প্রকাশ পাওয়ার পর ধীরে ধীরে শান্ত হয়ে ওঠে কাশ্মীর পরিস্থিতি।

2016_05_17_15_08_51_D3PW96JPN98iymt7vfSqOhp5UZ7cL5_original

ওই ঘটনার এক মাসেরও বেশি সময় পেরিয়ে যাওয়ার পর এখন ১২ ক্লাসে পড়া সেই ছাত্রী বলছে, কোনো স্থানীয় যুবক নয়, ভারতীয় সেনাই তার সম্ভ্রমহানি করেছিল। পরে ‍পুলিশ জোর করে তার কাছ থেকে ওই মিথ্যা বিবৃতি আদায় করেছিল। এমনকি পুলিশ কাস্টডিতে থাকার সময়ও সে নানা হয়রানির শিকার হওয়ারও অভিযোগ করেছে ওই মেয়ে।

 

সোমবার ওই সংবাদ সম্মেলনে মেয়েটি দাবি করেছে,‘গত ১২ এপ্রিল আমি টয়লেট থেকে বেরিয়ে আসার সময় পোশাক পরিহিত এক সেনা আমার পথ আটকায়। সে জোর করে আমার হাত চেপে ধরে। আমি চীৎকার করলে সে পালিয়ে যায়।’ অজ্ঞাতনামা ওই সেনার বিরুদ্ধে এফআইআর দায়ের করারও দাবি জানিয়েছে সে। একই সঙ্গে ওই কিশোরী হান্দোয়ারা থানার পুলিশ সুপারিন্টেন্ট গোলাপ জিলানিসহসহ পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মৌখিক নির্যাতনসহ নানা হয়রানির অভিযোগ এনেছে।

 

মেয়েটি আরো জানায়,‘পুলিশের চাপের মুখে আমি বিবৃতি থেকে ওই সেনা কর্মকর্তার নাম বাদ দিয়েছিলাম। কিন্তু কীভাবে তারা (পুলিশ কর্মকর্তা জিলানী) আমার রেকর্ডকৃত ওই বিবৃতি বিভিন্ন জায়গায় প্রচার করল? এর মাধ্যমে তারা সমাজে আমার ও আমার পরিবারের সম্মান ও মর্যাদা হেয় করেছেন। একজন সেনা সদস্যকে বাঁচানোর জন্যই তিনি এমন কাজ করেছেন।’

 

সোমবার আপাদমস্তক বোরখায় ঢেকে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিল ১৬ বছরের ওই মেয়ে। সঙ্গে ছিল তার মা ও বাবা। এ ঘটনায় বেসামরিক প্রশাসনিক ও সেনাবাহিনীর নিজস্ব তদন্ত শেষ হয়েছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।