বার্সাই শিরোপার যোগ্য : জিদান
স্পোর্টস ডেস্ক : মৌসুম শেষ হওয়ার আগেই ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছিল লেস্টার সিটি, জার্মান বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ, ইতালিয়ান সিরি’আয় জুভেন্টাস, ফেঞ্চ লিগ ওয়ানে পিএসজি। তবে স্প্যানিশ লা লিগার ট্রফির জয়ের জন্য অপেক্ষা করতে হয়েছে শেষ ম্যাচ পর্যন্ত। তা-ও আবার চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার শিরোপা জয়ের রোমাঞ্চকর লড়াই!
শনিবার রাতে লুইস সুয়ারেজের হ্যাটট্রিকে গ্রানাডাকে ৩-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়ে লা লিগায় চ্যাম্পিয়ন হয়েছে বার্সা। অপর ম্যাচে দেপার্তিভোর বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েও হতাশায়ই থাকতে হলো রিয়ালকে। লস ব্লাঙ্কসদের কোচ জিনেদিন জিদান জানালেন, বার্সাই লা লিগার শিরোপার যোগ্য।
যোগ্য দলের (বার্সা) হাতে শিরোপা দেখা কি খুব সহজেই মেনে নিতে পারছেন জিদান? না, হতাশা ঝরল তার কণ্ঠে, ‘আমরা সবাই হতাশ, ৩৮টি ম্যাচ খেলেও কোনো পরিবর্তন আনতে পারলাম না! বার্সাই আসলে শিরোপার যোগ্য। তারা জানে, খারাপ সময় থেকে নিজেদের কীভাবে উদ্ধার করতে হয়।’











