ভাগ্য আমাদের হাতেই : সুয়ারেজ
স্পোর্টস ডেস্ক : গত মৌসুমের মতো এবারও টেবল জেতার সুযোগ এসেছিল বার্সেলোনার সামনে। তবে খেলোয়াড়দের খানিকটা ফর্মহীনতার কারণে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেছে লুইস এনরিকের দল। এখন তাদের সামনে রয়েছে দুটি শিরোপা জয়ের হাতছানি। এক, স্প্যানিশ লা লিগা, দুই কোপা দেল রে।
নিজেদের সেরাটা ঢেলে দিয়ে অন্তত এই দুটি জিততে মুখিয়ে রয়েছে কাতালান শিবির। বিষয়টি আরো একবার স্মরণ করিয়ে দিলেন লুইস সুয়ারেজ। জানালেন, ভাগ্য নাকি নিজেরা ঠিক করে দিতে পারেন! তার মানে, ভালো খেলার মানসিকতাই এগিয়ে নিয়ে যাবে তাদের।
বার্সার উরুগুইয়ান স্ট্রাইকার বলেন, ‘আমরা সর্তক এজন্য যে ভাগ্যটা আমাদের হাতেই। আমাদের যথেষ্ট সময় ও সুযোগ রয়েছে ট্রফি জয়ের জন্য। এই পর্যায়ে এসে যদিও সেই কাজ খুব একটা সহজ নয়। আমরা রিয়ালের চেয়ে এক পয়েন্টে এগিয়ে আছি। তাই লা লিগা জিততে পারি আমরা। জিততে পারি কোপা দেল রের শিরোপাও।’
চলতি মৌসুমে দারুণ ফর্মে রয়েছেন সুয়ারেজ। এর জন্য সতীর্থদের কাছে কৃতজ্ঞ তিনি। বিশেষ করে তুলে আনলেন মেসি-নেইমারের নাম। সুয়ারেজের ভাষায়, ‘অধিকাংশ সতীর্থই আমাকে ভালো খেলতে সাহায্য করছে। মেসি-নেইমারের নাম সবার আগে আসবে। তাদের আন্তরিকতা ছাড়া স্কোর করা সম্ভব নয়। এটাই আমাদের দলের নীতিশাস্ত্র। এমন গ্রেট দল ও খেলোয়াড়দের পাশে খেলতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।’











