বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবসরের সিদ্ধান্ত ধোনির নিজেরই নেওয়া উচিত : আজহার

photo-1463039422স্পোর্টস ডেস্ক : কবে অবসর নেবেন মহেন্দ্র সিং ধোনি? প্রশ্নটা ভারতীয় ক্রিকেট অঙ্গনে ঘুরছে অনেক দিন ধরেই। সম্প্রতি এই বিতর্ক আরো উসকে দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। নতুনদের প্রস্তুত করে তোলার জন্য ধোনির অবসরের বিষয়টি ভাবা উচিত বলে মন্তব্য করেছিলেন তিনি। তবে সৌরভের সঙ্গে একমত নন ভারতের আরেক সাবেক অধিনায়ক আজহারউদ্দিন। অবসরের সিদ্ধান্তটি ধোনির ওপরই ছেড়ে দেওয়া উচিত বলে মনে করছেন আজহার।

এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ চলার সময় এক সংবাদ সম্মেলনে নিজের অবসরের প্রশ্নে বেশ হাস্যরসের জন্ম দিয়েছিলেন ধোনি। অস্ট্রেলিয়ান এক সাংবাদিককে নিজের পাশে বসিয়ে বুঝিয়ে দিয়েছিলেন, ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত খেলার পরিকল্পনা আছে তাঁর। কিন্তু ভারতের সফলতম অধিনায়ক সত্যিই ২০১৯ সাল পর্যন্ত খেলে যেতে পারবেন কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে গাঙ্গুলীর। আর সে কারণে ধোনি-পরবর্তী সময়ে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কে হবেন, তার পরিকল্পনা নির্বাচকদের করে রাখা উচিত বলে মনে করেন তিনি।

কিন্তু সৌরভের এই মতের সঙ্গে একমত হতে পারেননি আজহার। সৌরভের ব্যক্তিগত মতকে সম্মান জানালেও বিষয়টি নির্বাচকদের থেকে স্বয়ং ধোনির ওপরেই ছেড়ে দেওয়ার পক্ষে তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে আজহার বলেছেন, ‘ধোনি ভারতের হয়ে সব বড় বড় টুর্নামেন্ট জিতেছেন। ভারতের ক্রিকেটকে সব ধরনের ফরম্যাটে নিয়ে গেছেন শীর্ষস্থানে। তাই ধোনির পারফরম্যান্সের কথা ভুলে গেলে চলবে না। অবসরের সিদ্ধান্ত নেওয়ার সুযোগটা ধোনির নিজের হাতেই থাকা উচিত।’

২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল ধোনিকে। প্রথমবারেই শিরোপা জিতে বাজিমাত করেছিলেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। এর পর ধোনির নেতৃত্বে ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপও জিতেছিল ভারত। ২০১৫ সালের শুরুতে অস্ট্রেলিয়া সফর শেষে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ধোনি। তবে সীমিত ওভারের ক্রিকেটকে কবে বিদায় জানাবেন, সে প্রশ্ন বরাবরই এড়িয়ে যাচ্ছেন তিনি।