বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী

football_(3)_12189_1462634851স্পোর্টস ডেস্ক : স্বাধীনতা কাপ ফুটবলের ফাইনালে ২-০ গোলে ঢাকা আবাহনীকে হারিয়ে প্রথমবারের মতো ঘরোয়া ফুটবলে শিরোপা জিতেছে চট্টগ্রাম আবাহনী। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ম্যাচের দ্বিতীয় মিনিটে প্রথম আক্রমণ করে চট্টগ্রাম আবাহনী। বক্সের বাইরে থেকে শট নেন মরক্কোর মিডফিল্ডার তারিক আল জানাবি। কিন্তু তার শট বাঁ-পোস্ট ঘেঁষে চলে যায় মাঠের বাইরে। ১৩ মিনিটে গোল করার সুযোগ নষ্ট করে ঢাকা আবাহনী। ফাঁকা পোস্ট পেয়েও গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেছেন মিডফিল্ডার জুয়েল রানা।

২৫ মিনিটে বক্সে বল পেয়েও সুযোগ হাতছাড়া করেছেন চট্টগ্রাম আবাহনীর ডিফেন্ডার রেজাউল করিম রেজা। প্রথমার্ধ দু’দলই আক্রমণ-পাল্টা আক্রমণে কাটায়। কিন্তু গোলের দেখা মেলেনি কোনো শিবিরেই।

দ্বিতীয়ার্ধেই যেন ‘অচেনা’ এক চট্টগ্রাম আবাহনীকে দেখা গেল। মুহুর্মুহু আক্রমণে তারা ব্যস্ত করে তুলে ঢাকা আবাহনীর রক্ষণভাগের খেলোয়াড়দের। যার ফল তারা পেয়ে যায় ম্যাচের ৫৫ মিনিটে। রুবেল মিয়ার পাস থেকে বল পান হাইতিয়ান ফরোয়ার্ড লিওনেল প্রিয়াক্স। বল আয়ত্তে নিতে এগিয়ে আসেন ঢাকা আবাহনীর গোলকিপার সুলতান আহমেদ শাকিল। কিন্তু তাকে পেছনে ফেলে ডানপ্রান্ত দিয়ে পোস্টের খুব কাছে পৌঁছে যান লিওনেল প্রিয়াক্স। ফলে ফাঁকা পোস্টে পেয়ে বেশ আয়েশি ভঙ্গিতেই ডান-পায়ের শটে বল জালে জড়ান এ হাইতিয়ান (১-০)।

গোল পেয়ে উজ্জীবিত হয়ে ওঠেন জোসেফ প্যাভলিকের শিষ্যরা। আক্রমণের পর আক্রমণ করে প্রতিপক্ষ শিবিরকে চাপের মুখে ফেলে দেন। এরই ধারাবাহিকতায় ৬২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বন্দর নগরীর দলটি। সতীর্থ মিডফিল্ডার কৌশিক বড়ুয়ার পাসে বল পেয়ে কিকে লক্ষ্যভেদ করেন রুবেল মিয়া (২-০)।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় রূপকথার শিরোপা জিতে ইতিহাস রচনা করে চট্টগ্রাম আবাহনী।

খেলা শেষে চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী ও রানার্সআপ ঢাকা আবাহনীর হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি।