পাকিস্তানের কোচ হিসাবে নিয়োগ পেলেন মিকি আর্থার
স্পোর্টস ডেস্ক : ওয়াকার ইউনিসের পদত্যাগের পর দক্ষিণ আফ্রিকার মিকি আর্থারকে হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর আগে মিকি আর্থার দক্ষিণ আফ্রিকা (২০০৫-১০) ও অস্ট্রেলিয়া (২০১১-১৩) দলের কোচের দায়িত্ব পালন করেছেন। পিসিবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি মাসের শেষের দিকে আর্থার দায়িত্ব গ্রহণ করবেন।
মিকি আর্থার ঘরোয়া কিছু ফ্রাঞ্চাইজিরও কোচের দায়িত্ব পালন করেছেন। তিনি বিপিএলে ঢাকা ডায়নামাইটস, সিপিএলে জ্যামাইকা তালাওয়াশ ও পিএসএলে করাচি কিংসের হয়ে দায়িত্ব পালন করেছেন।
মিকি আর্থার দক্ষিণ আফ্রিকার হয়ে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। কিন্তু তিনি ১১০টি ফার্স্ট ক্লাস ও ১৫০টি লিস্ট এ ম্যাচ খেলেছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে তার রান সংখ্যা ৬৬৫৭। আর লিস্ট এ ক্রিকেটে করেছেন ৩৭৭৪ রান।
সম্প্রতি এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবির পর ব্যাপক সমালোচনার মুখে পাকিস্তানের হেড কোচের পদ থেকে সরে দাঁড়ান ওয়াকার ইউনিস। আর অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান শহীদ আফ্রিদি।











