যেভাবে কাটছে অপুর সময়
বিনোদন প্রতিবেদক : ঢাকাই ছবির ফিল্মি নায়িকাদের মধ্যে অপু বিশ্বাস এখনও শীর্ষে। আর এ বিষয়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট কিংবা এর সঙ্গে যারা যারা সম্পৃক্ত রয়েছেন, এ নিয়ে কারও দ্বিমত নেই। কারণ এখনও নায়িকাদের মধ্যে তিনি একক আধিপত্য বিরাজ করে চলছেন। দর্শকদের সামনে নিত্য নতুন রূপে হাজির হচ্ছেন। অভিনয় দক্ষতা কিংবা সেলুলয়েডের ক্যামেরার সামনে সাবলীল অভিনয় তাই বলে। এদিকে অপু বিশ্বাস ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত বেশিরভাগ ছবিতেই শাকিবের সাথে জুটি বেঁধে অভিনয় করেছেন। কিন্তু বর্তমানে শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের সম্পর্কটা আগের মতো নেই। ভালো সময় যাচ্ছে না এই জুটির।
একটি বিশেষ সূত্রে জানা গেছে, অপু বিশ্বাস ও শাকিব খান জুটির ছবিগুলোও বাণিজ্যিকভাবে সফল হয়েছে। নির্মাতারাও যেমন এই জুটিকে বেছে নিতেন, দর্শকও গ্রহণ করেছেন দারুণভাবে। কিন্তু শাকিব খান জাজ মাল্টিমিডিয়ার ছবি ‘শিকারি’তে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হওয়ার পর থেকেই অপুর সঙ্গে এক ধরনের দূরত্ব তৈরি হতে থাকে। এরপর একটা সময় গিয়ে সেটি ধীরে ধীরে আরও খারাপ হতে থাকে। কারণ অপু বর্তমানে যেসব ছবিতে অভিনয় করছেন তার সবগুলোরই সহ-শিল্পী শাকিব খান।
এদিকে শাকিব কলকাতায় ‘শিকারি’ ছবির শুটিংয়ে থাকাকালীন এক মাসেরও বেশি সময় বেকার অবস্থাতেই কেটেছে অপুর। এ নিয়ে অপুর মনে শাকিবের প্রতি এক ধরনের অভিমানও দানা বেঁধেছে। এরই ধারাবাহিকতায় অপু নিজেকে শামীম আহমেদ রনীর পরিচালনায় ‘বসগিরি’ ছবি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। অপু বিশ্বাসের সংশ্লিষ্ট সূত্রে এমনটাই জানা গেছে।
অপু বিশ্বাসের ঘনিষ্ঠ একজন জানান, ‘অপু বিশ্বাস যৌথ প্রযোজনার বেশ কিছু ছবিতে অভিনয়ের প্রস্তাব পেলেও সহ-শিল্পী নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান সহমত পোষণ না করার কারণে সে ছবিগুলোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। কিন্তু শাকিব করেছেন তার পুরোটাই উল্টো। অপুকে একহাতে নিয়ে শ্রাবন্তীর বিপরীতে অভিনয় করছেন।’ অপু ‘বসগিরি’ ছবির জন্যে নিজের লুকেরও বেশ পরিবর্তন এনেছিলেন। সকাল বিকেল ঘড়ি ধরে জিম, ডায়েট করতেন। খাওয়া-দাওয়াতেও বেশ পরিবর্তন এনেছিলেন। কিন্তু শাকিবের এমন আচরণের কারণেই অপু এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
এদিকে শাকিব কলকাতা থাকাকালীন অপুর সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বলে একটি সূত্র জানিয়েছে। অপুর কোনো ছবির শুটিং না থাকায় সম্প্রতি বগুড়ায় নিজের বাড়িতে গিয়েছিলেন অপু বিশ্বাস। সেখানে কিছুদিন সময় কাটানোর পর বোনের বাড়ি কলকাতায় গিয়েও বেশ কিছু দিন সেখানে অবস্থান করেছেন। নিজেরমতো ঘুরে বেড়িয়েছেন।
তবে কিছুদিন হলো দেশে ফিরেছেন। তার সবগুলো মুঠোফোন নম্বরই দীর্ঘদিন ধরে বন্ধ পাওয়া যাচ্ছে। গণমাধ্যমের কর্মীরাও তার সাথে যোগাযোগ করতে পারছেন না বলেও শোনা যাচ্ছে। বাংলা ছবির এ সময়ের জনপ্রিয় জুটি শাকিব-অপু’র ‘রাজনীতি’, ‘সম্রাট’, ‘শিকারি’, পাঙ্কু জামাই ছবিগুলো এ বছরই মুক্তি পাবে। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে আরও বেশ কিছু ছবি।
এছাড়া বিশেষ সূত্রে আরো জানা গেছে, অপু বিশ্বাস দর্শকদের সামনে নতুনরূপে ফেরার জন্যে প্রস্তুতি নিচ্ছেন। এজন্য এমনও হতে পারে এবছর আর নতুন কোনো ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হবেন না। এজন্য যা যা করা দরকার, সে অনুযায়ী ছক কষে সামনে এগুচ্ছেন। এমনও হতে পারে শাকিব বলয় থেকে বের হয়ে নিজস্ব গতিতে পথ চলবেন। নতুন যেসব ছবিতে অভিনয়ের বিষয়ে কথাবার্তা চলছে সেগুলোতে যেন অপুর অভিনয়ের জায়গাগুলো আরও সাবলীল হয়। সেদিকে নজর অপু বিশ্বাসের।প্রিয়.কম











