বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যাডাম ছাড়াই এফডিসিতে বস

Shakib Khanবিনোদন প্রতিবেদক : গেল ১৫ মার্চ থেকে কলকাতায় শুরু হয় যৌথ প্রযোজনার ছবি ‘শিকারী’র মূল অংশের শুটিং। সেহিসেবে প্রায় দেড় মাস শুটিং শেষে ৩ মে ঢাকায় ফিরেছেন চিত্রনায়ক শাকিব খান। তবে বিশ্রাম নেয়ার সুযোগ নেই বললেই চলে। মাঝে দুদিনের বিরতি দিয়ে আবারো ফিরছেন শুটিংয়ে। আগামী ৫ মে থেকে এফডিসিতে শুরু হচ্ছে নতুন ছবি ‘বসগিরি’র চিত্রধারণের কাজ। আগামী কয়েকটা দিন এ নিয়েই ব্যস্ত থাকবেন ঢাকাই চলচ্চিত্রের ব্যস্ত এ নায়ক।

প্রথমবারের মতো যৌথ প্রযোজনার ছবিতে কাজ করলেন শাকিব খান। ‘শিকারী’ নামের ছবিটি পরিচালনা করছেন বাংলাদেশের সীমান্ত ও কলকাতার জয়দেব। শাকিবের বিপরীতে অভিনয় করছেন শ্রাবন্তী। প্রথম যে কোন বিষয়ের প্রতি আলাদা যত্ন থাকে। শাকিব খানের ক্ষেত্রেও তার ব্যতীক্রম হয়নি। দেড় মাসেরও বেশি সময় একটি মাত্র ছবির শুটিং নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। যা তার ক্ষেত্রে আগে কখনও শোনা যায়নি। তাছাড়া ‘শিকারী’ ছবির বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ দৃশ্যে স্টান্ট ছাড়াই কাজ করেছেন। যা কলকাতার অনেক তারকার ক্ষেত্রে ভাবাই যায় না।

কলকাতার অলিগলি থেকে টালিগঞ্জের সুবিশাল শুটিং ফ্লোর কোথায় কাজ করেননি শাকিব। বাংলাদেশের মতো বিশাল পরিসরে না হলেও কলকাতায়ও তার পরিচিতি রয়েছে। যার সাক্ষী শুটিং চলাকালীন প্রকাশিত ছবিগুলো। যেখানে উৎসুক জনতার মুখগুলোই বলে দেয়, শাকিব খান শুধু বাংলাদেশের নয়, ওপার বাংলার মানুষদেরও নজর কেড়েছেন।

এদিকে দীর্ঘদিন দেশে না থাকায় আটকে আছে শাকিব খান অভিনীত বেশ কয়েকটি ছবির শুটিং। এর মধ্যে রয়েছে কালাম কায়সারের ‘মা’, শফিক হাসানের ‘ধূমকেতু’, বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’সহ কয়েকটি ছবি। তবে দেশে ফিরেই শুরু করতে যাচ্ছেন নতুন ছবি কাজ। ‘বসগিরি’ নামের এ ছবিতে প্রথমে শাকিবের বিপরীতে অপু বিশ্বাসের অভিনয়ের কথা থাকলেও, শেষ পর্যন্ত তিনি আর থাকছেন না।

এ প্রসঙ্গে ছবিটি নির্মাতা শামীম আহমেদ রনি বলেন, ‘আমার দ্বিতীয় ছবিতে অপু বিশ্বাসকে চুক্তিবদ্ধ করেছিলাম গতবছর। আমাদের অনেক পরিকল্পনাও ছিলো তাকে নিয়ে। নতুন লুকে আনবো দর্শকদের সামনে, এটা ছিল আমার চ্যালেঞ্জ। অপু বিশ্বাসও নিয়েছিলেন চ্যালেঞ্জটা। কঠোর পরিশ্রম শুরু করেছিলেন কিন্তু সময়ের ফাঁদে আটকা পড়ে গেলাম। শাকিব খান হঠাৎই শুটিং শিডিউল এগিয়ে আনাতে অপু বিশ্বাস শিডিউল জটিলতায় পড়ে যান। তাই আমাকে ডেকে অপু বিশ্বাস বললেন ছবিটিতে যেন তাকে না রাখি। কারণ এতো অল্প সময়ে নিজেকে নতুন রূপে হাজির করতে পারবেন না তিনি। ভালো একটি কাজের স্বার্থেই অন্য কাউকে নিয়ে কাজটি শুরু করার অনুরোধ করেন।’

এদিকে নতুন নায়িকা প্রসঙ্গে নির্মাতা শামীম আহমেদ রনি আরও বলেন, ‘নতুন নায়িকা চূড়ান্ত হয়ে গিয়েছে। আগামী ১৪ মে একটি সংবাদ সম্মেলন করে তার নাম ঘোষণা করা হবে। তার পরদিন থেকেই তিনি শুটিংয়ে অংশ নিবেন।বাংলামেইল