যে কারণে জনপ্রিয়তা হারাচ্ছে আইপিএল!
স্পোর্টস ডেস্ক : তাহলে কি আইপিএলে অরুচি এসে গিয়েছে ভারতীয়দের? গ্যালারি অনেকটা ফাঁকা থাকছে। অথচ এমন তো হওয়ার কথা ছিল না। গত কয়েকবছরে তো গ্যালারিতে জনবিস্ফোরণ দেখা গিয়েছিল। রাতের খেলা হক বা দুপুরের, পুরোদস্তুর হাজির থাকতেন দর্শকরা। ক্রিকেটাররাও দারুণ মেজাজে খেলতে পারতেন। কারণ দর্শকদের উৎসাহ, উদ্দীপনা তো ক্রিকেটারদের ভাল থেকে আরও ভাল খেলতে সাহায্য করে। কিন্তু এবার যে ছবি দেখা যাচ্ছে, তাতে গ্যালারি কিন্তু ধিকাংশই ফাঁকা থেকে যাচ্ছে। গ্যালারির যে যে জায়গায় মানুষের ভিড়, বেছে বেছে সেখানেই ক্যামেরা ধরা হচ্ছে। তাই টেলিভিশনের পর্দায় যারা খেলা দেখছেন, তারা ব্যাপারটা বুঝতে পারছেন না। কিন্তু আইপিএলের সঙ্গে যারা ওতোপ্রতোভাবে জড়িয়ে তারা ভালই বুঝতে পারছেন বিষয়টা। পাঞ্জাব ক্রিকেট সংস্থার প্রধান এমপি পাণ্ডব যেমন বলছেন, ‘আইপিএলের আগে প্রায় প্রতিটি কেন্দ্রে কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। সময় একটু লাগবে। সবচেয়ে বড় কথা, আইপিএল হল বিনোদন।’ অনেকের আবার বক্তব্য, আইপিএল ও টি টোয়েন্টি বিশ্বকাপ একই ফরম্যাটের। লোকে বিশ্বকাপই দেখে ফেলেছে। তাই উৎসাহ হারিয়েছে আইপিএলের। অনেকেই আবার বলছেন, আইপিএলের টিকিটের দাম বড্ড বেশি। মানুষজনের বাজেটও সীমিত। প্রতি পাঁচ দিন বা ছ’ দিন অন্তর মানুষ বেশি টাকা খরচ করে টিকিট কিনতে পারছেন না। সব মিলিয়ে লোক মাঠে আসছে কম।











