শীর্ষে আর্জেন্টিনা; অবনতি ব্রাজিলের
স্পোর্টস ডেস্ক : ফিফা র্যাংকিংয়ে শীর্ষ স্থান দখল করেছে আর্জেন্টিনা। বেলজিয়ামকে পেছনে ফেলে সবার উপরে জায়গা করে নিয়েছেন মেসিরা। অন্যদিকে নেইমারের দল ব্রাজিলের অবনতি হয়েছে।
বৃহস্পতিবার এপ্রিল মাসের র্যাংকিং প্রকাশ করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা-ফিফা। এতে দেখা যায়, এক ধাপ উন্নতিতে শীর্ষে উঠেছে আর্জেন্টিনা। সম্প্রতি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে চমৎকার পারফরম্যান্স করায় এক ধাপ এগিয়েছে গত বিশ্বকাপের রানার্স-আপ দলটি। এর ফলে টানা পাঁচ মাস ধরে শীর্ষে থাকা বেলজিয়ামের রাজত্বের পতন হলো। তারা এখন দ্বিতীয় স্থানে আছে।
এদিকে নিজেদের ইতিহাসে সবচেয়ে ভালো অবস্থান নিশ্চিত করেছে চিলি। দু’ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে লাতিন আমেরিকার দলটি। দক্ষিণ আমেরিকা মহাদেশের আরেক প্রতিনিধি কলম্বিয়া আছে চতুর্থ স্থানে। চার ধাপ উন্নতি হয়েছে দলটির।
এক ধাপ পিছিয়ে পঞ্চম স্থানে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। পরের স্থানে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। দলটির তিন ধাপ অবনমন হয়েছে।
এদিকে বাছাই পর্বে টানা দু’ম্যাচে জয় বঞ্চিত হওয়া ব্রাজিল এক ধাপ পিছিয়ে সপ্তম স্থানে আছে। অষ্টম ও দশম স্থানে থাকা পর্তুগাল ও ইংল্যান্ড এক ধাপ করে পিছিয়েছে। তবে সুয়ারেজের দল উরুগয়ে ২ ধাপ এগিয়ে শীর্ষ-১০ জায়গা করে নিয়েছে।
র্যাংকিংয়ে বাংলাদেশের কোনো উন্নতি হয়নি। অবনতিও হয়নি। ধরে রেখেছে আগের ১৭৭তম স্থান। প্রতিবেশী ভারত দুই ধাপ পেছালেও এখন ১৬২তম স্থানে। উপমহাদেশের আরেক দল পাকিস্তান তিন ধাপ অবনমনে ১৯০তম স্থানে আছে।











