শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আন্তর্জাতিক ক্রিকেটে ডার্ক হর্স বাংলাদেশ’

2016_04_01_21_37_39_aZ96X13EMllDfcyXaBgxzR1ku8Ddig_originalস্পোর্টস ডেস্ক : একের পর এক প্রশংসা যোগ হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে। বদলে যাওয়া টাইগারের পারফরম্যান্সে মুগ্ধ গোটা বিশ্ব। পুরোপুরি স্পিন-নির্ভর বোলিং আক্রমণ থেকে বেরিয়ে যেভাবে ফাস্ট বোলিংকে তাদের দলের বড় অস্ত্র করে তুলেছে। তার বন্দনা করলেন কপিল দেব। বিসিসিকে দেয়া সাক্ষাৎকারে ভারতের কিংবদন্তি জানালেন, ক্রিকেট বিশ্বকে চমকে দেবেন টাইগাররা। আগামী পাঁচ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে ডার্ক হর্স হিসেবে কপিলের বাজি বাংলাদেশই।

ষষ্ঠ টি২০ বিশ্বকাপের সুপার টেনে চার ম্যাচ খেলেছে মাশরাফি বিন মুর্তজার দল। কোনো ম্যাচেই অবশ্য জয় পায়নি তারা। তবে যেভাবে লড়াই করেছে, তা চোখে লেগেছে ক্রিকেটবোদ্ধাদের। বিশেষ করে অস্ট্রেলিয়া ও ভারতকে বেশ ভুগিয়েছেন টাইগাররা। ক্রিকেটে যে দলগুলোর দারুণ উত্থান ঘটেছে, তাদের মধ্যে বাংলাদেশকে এগিয়ে রাখলেন কপিল।

তিরাশির বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক কপিল বলেন, ‘ভীষণ উন্নতি করেছে বাংলাদেশ। তাদের দলে দুর্দান্ত কিছু খেলোয়াড় রয়েছে। এখন তাদের চাই শুধু আর একটু পরিণতি! বাংলাদেশ দলে যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগে, তা হচ্ছে মাত্র দশ-পনেরো বছর আগেও স্পিনাররাই ছিল তাদের একমাত্র ভরসা। আর এখন দেখুন, তারা কী দারুণ সিমিং ট্র্যাক নিয়ে খেলছে। সেখানে তাদের ফাস্ট বোলাররা কাঁপিয়ে দিচ্ছে প্রতিপক্ষ শিবিরকে।’

পেস বোলিংয়ে ভারতের চেয়েও এগিয়ে বাংলাদেশ। কপিল দেবের ভাষায়, ‘ফাস্ট বোলাররা এখন বাংলাদেশের বড় শক্তি। আমি বলব, সেটা ভারতের ফাস্ট বোলিং অ্যাটাকের চেয়েও ভালো। এটা তো আপনাকে সমীহ করতেই হবে।’

বিশ্বকাপে সৌম্য সরকারের ক্যাচটি নজর কেড়েছে ক্রিকেট দুনিয়ার। সেই ক্যাচের প্রশংসা করলেন কপিল দেবও। বললেন, ‘বাংলাদেশ দলে কয়েকজন খেলোয়াড় তো আমাকে একেবারে চমকে দিয়েছে। (সৌম্য) সরকার যেমন কয়েকটা ক্যাচ নিয়েছে, ভাবাই যায় না! দলে কিন্তু তাদের এমন ক্রিকেটারেরই প্রয়োজন। ক্রিকেট বিশ্বকে চমকে দেবে টাইগাররা। আগামী পাঁচ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে ডার্ক হর্স হিসেবে আমার বাজি বাংলাদেশই!’