টাইগার প্রমীলাদের বড় হার

স্পোর্টস ডেস্ক : মেয়েদের টি ২০ বিশ্বকাপে পাকিস্তানের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশর মেয়েরা। বৃহস্পতিবার দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে টস জিতে টাইগার প্রমীলারা ৯ উইকেটে করে ১১৩ রান।
জবাবে পাকিস্তান মাত্র একটি উইকেট হারিয়ে প্রয়োজনীয় ১১৪ রান তুলে জয় নিশ্চিত করে। দলের পক্ষে ম্যাচসেরা সিদরা আমিন ৫৩ ও বিসমাহ মারুফ ৪৩ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশের পক্ষে নাহিদা খানকে (১০) এলবিডব্লিউ করে একমাত্র সফল বোলার সালমা খাতুন। এছাড়া আর কেউই পাকিস্তানের মেয়েদের ওপর বিন্দুমাত্র চাপ তৈরি করতে পারেননি।
এর আগে টস নামক ভাগ্য পরীক্ষায় জয়লাভ করেন বাংলাদেশের অধিনায়ক জাহানারা আলম। টসে জিতে তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।
ব্যাট করতে নেমে দলীয় ১১ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ব্যক্তিগত ১ রান করে সানজিদা ইসলাম আউট হন। পরে দলের হাল ধরেন সালমা খাতুন এবং শারমিন আখতার। তাদের জুটিতে আসে ১১ রান। ব্যক্তিগত ১০ রান করে আউট হন সালমা।
তবে শারমিন এবং ফারজানার জুটি বড় স্কোরের স্বপ্ন দেখায় বাংলাদেশকে। তাদের জুটিতে আসে ৪৩ রান। তবে শারমিন এবং ফারজানা আউট হলে বড় স্কোর গড়তে পারেনি বাংলাদেশ। শারমিন ১৯ এবং ফারজানা ৩৬ রান করে আউট হন।
শেষ দিকে জাহানারার ১১ এবং লতার ১২ রানের সুবাদে ১১৩ রান সংগ্রহ করে বাংলাদেশ।
বাংলাদেশ এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি। অপরদিকে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেও ভারতকে বৃষ্টি আইনে ২ রানে পরাজিত করে পাকিস্তান।











