আবারও চোখ কপালে তোলা ক্যাচ সৌম্যর
স্পোর্টস ডেস্ক : পান্ডিয়া কিছুক্ষণ থ মেরে ছিলেন। থাকতেই পারেন, পুরো স্টেডিয়ামই যে তখন থ হয়ে গেছে। আল আমিন হোসেনের নিরীহ বলটি সজোরে হাঁকিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। বল উড়ে বাউন্ডারির দিকে যাচ্ছিল। ছক্কা না হোক,চার তো হচ্ছেই। কোথায় কী, কোত্থেকে উড়ে এলেন সৌম্য সরকার। হঠাৎ যেন পিঠে জুড়ল ডানা, শূন্যে ভেসে বলটি কীভাবে যেন তালু বন্দী করলেন, বুঝতে পারলেন না কেউ। আউট হয়ে গেলেন পান্ডিয়া।
ব্যাটসম্যান সৌম্যের ফর্মটা নড়বড়ে যাচ্ছে, তবে ফিল্ডার সৌম্য কিন্তু দুর্দান্ত ফর্মেই আছেন। চোখধাঁধানো সব ক্যাচে তাক লাগিয়ে দিচ্ছেন সবাইকে। এই তো ইডেন গার্ডেনে পাকিস্তানের সঙ্গে মোহাম্মদ হাফিজের সেই ক্যাচটির কথাই মনে করুণ না, ইনিংসের ১৭তম ওভারের চতুর্থ বলটা স্লগ সুইপ করেছিলেন মোহাম্মদ হাফিজ। বল উড়ে চলে যাচ্ছিল মিড উইকেটের ওপর দিয়ে। হাফিজ তো ভেবেই নিয়েছিলেন নিশ্চিত ছক্কা। কিন্তু সেখানে ‘জন্টি রোডস’ হতে দাঁড়িয়ে ছিলেন সৌম্য! বলটি বাউন্ডারির বাইরে যাওয়ার পরই সৌম্যের হাত খুঁজে নিল বলটি।
প্রথমে সীমানা প্রান্ত থেকেই বেশ খানিকটা শূন্যে লাফালেন। বলটি মুঠোবন্দী করার পর বাউন্ডারির বাইরে পা পড়ে যাচ্ছিল তাঁর। ঠিক এই সময় তাঁর বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত, বলটি বাতাসে ছুড়ে নিজেই বাউন্ডারির বাইরে চলে গেলেন। বল বাতাসে থাকতেই আবার ফিরে এলেন সীমানার ভেতরে। বল তখনো সীমানার ওপাশেই ছিল। সৌম্য পা দুটি বাউন্ডারির ভেতরে রেখে হাত বাড়িয়ে দিলেন সামনে। দারুণভাবে ভারসাম্য রাখলেন শরীরের। সীমানার ওপাশে পড়তে থাকা বলটিকে বানিয়ে ফেললেন অতিমানবীয় এক ক্যাচে! হাফিজ আউট!
সেদিন মনে হয়েছিল এই ক্যাচকে আর হারানো সম্ভব হবে না কারও পক্ষে। কিন্তু, নিজেকে হারাতে নিজেই এগিয়ে এলেন সৌম্য। অবিশ্বাস্য এক ক্যাচে পান্ডিয়াকে ফিরিয়ে দিয়ে বুঝিয়ে দিলেন , শুধু ফিল্ডার হিসেবে হলেও তাঁকে দরকার বাংলাদেশের।











