আদালতে আত্মসমর্পণ করবেন ঈশানা
বিনোদন প্রতিবেদক : মডেল ও অভিনয়শিল্পী মৌনিতা খান ঈশানাকে মানহানির এক মামলায় গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহের নিগার সূচনা ধার্য তারিখে আসামি ঈশানা আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে ওই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালতের এ নির্দেশনার পর আগামীকাল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করবেন বলে বাংলামেইলকে জানিয়েছেন এ অভিনেত্রী।
এদিন মামলাটিতে আসামি ঈশানার হাজির হওয়ার হওয়ার জন্য দিন ধার্য ছিল। গত ৩ ফেব্রুয়ারি ঢাকার সিএমএম আদালতে বাদী প্রযোজক মারূফ খান প্রেম অভিনেত্রী ঈশানার বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০ ও ৫০১ ধারায় বর্ণিত অপরাধ সংঘটনের অভিযোগে এই মানহানির মামলাটি দায়ের করেন।
ওইদিন বিচারক বাদীর জবানবন্দী গ্রহণ করে ২২ মার্চ ঈশানাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন প্রদান করেন। মামলাটিতে বাদীর এক কোটি টাকার মানহানি হয়েছে মর্মে ঈশানার বিরুদ্ধে অভিযোগ এনেছেন।
জানা গেছে বাংলাভিশনে প্রচারিত বাদীর প্রযোজিত মেগা ধারাবাহিক ‘সহযাত্রী’ নাটকটিতে আসামি ঈশানা অভিনেত্রী হিসেবে কাজ করছেন। ওই নাটকটি পরিচালনা করছেন কায়সার আহমেদ। অভিনয় করছেন ঈশানাসহ আরো অনেকে।
নাটকটির প্রযোজক প্রেম দাবি করেছেন, গত ৭ জানুয়ারি উত্তরার একটি শুটিং হাউসে নাটকের শুটিং চলাকালে মেকআপ রুমে ঈশানা তাকে নিয়ে আজেবাজে কথাবার্তা বলেছেন।
এ বিষয়ে বাদী সাংবাদিকদের জানান, ‘ঈশানা আমাকে নিয়ে অনেক বাজে মন্তব্য করেছেন, যা সত্যি নয়। এ ছাড়া আমার নাটকে ঈশানা বিভিন্ন সময়ে শিডিউলও ফাঁসিয়েছেন। দুপুরে সেটে আসতেন আর কাউকে কিছু না বলে সন্ধ্যা ৭টায় চলে যেতেন। এভাবে কি শুটিং করা সম্ভব? তাই ৩ ফেব্রুয়ারি ঈশানার বিরুদ্ধে ৫০০/৫০১ ধারায় এক কোটি টাকার মানহানি মামলা করেছি আমি। আমার কাছে । ঈশানার কথার রেকর্ডসহ অনেক প্রমাণ রয়েছে।’
ঘটনা গত ৭ জানুয়ারির ঘটনায় প্রায় একমাস পরে এই মামলাটি দায়ের করা হয়েছে।
তবে ওইদিন আদালতে মামলা দায়ের ও বাদীর অভিযোগ সম্পর্কে অভিনেত্রী ও মডেল ঈশানা বলেন, তিনি মামলা সম্পর্কে তখনো কিছু জানতেন না। পুরো বিষয়টিতে তিনি অনেক অবাক হয়েছেন।
তবে, গ্রেপ্তারি পরোয়ানা প্রসঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় ঈশানা বলেছেন, ‘খবরটা আজ দুপুরে এক সংবাদিকের কাছ থেকে শুনেছি। কিন্তু কোর্ট থেকে আমি কোন সমন পাইনি এখনো। আইনজীবীর সঙ্গে আলোচনা করেছি। তিনি জানিয়েছেন সমন না পা্ওয়া পর্যন্ত কোন অ্যাকশনে যেতে পারছিনা। খবরটা শোনার পরই বাবা কোর্টে গিয়েছিলেন। কিন্তু ওয়ার্কিং আওয়ার শেষ হওয়ায় আজকে আপিল করা সম্ভব হয়নি। কাল আপিল করবো।’











