সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখার মিশন মাশরাফিদের
স্পোর্টস ডেস্ক : বাছাই পর্বে দুর্দান্ত পারফর্ম করে মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। তবে সুপার টেনের প্রথম ম্যাচটি খুব একটা ভালো যায়নি টাইগারদের। কলকাতার ইডেন গার্ডেনে পাকিস্তানের কাছে ৫৫ রানের বড় ব্যবধানে হেরেছিল মাশরাফি বাহিনী। তবে অস্ট্রেলিয়া ম্যাচের আগের দিন বাংলাদেশ দলকে শুনতে হয়েছে আইিসিসির কঠিন এক সিদ্ধান্ত। অবৈধ বোলিং অ্যাকশনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ হয়েছেন তাসকিন আহমেদ ও আরাফাত সানি।
তাই এই দুই বোলারকে হারিয়ে কঠিন এক চ্যালেঞ্জের মুখে পড়েছে টাইগাররা। ঠিক একই চিত্র প্রতিপক্ষ শিবিরে। তবে এতটা বেহাল অবস্থা নয় অস্ট্রেলিয়ানদের। তবে ধর্মশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৮ রানে হেরেছিল স্টিভেন স্মিথের দল। তাই সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে ব্যাঙ্গালুরুতে দুই দলের সামনে জয়ের কোনো বিকল্প পথ খোলা নেই। কারণ এ ম্যাচে হারলেই শেষ চারে খেলার স্বপ্নটি মলিন হয়ে যাবে। এমন সমীকরণকে সামনে রেখে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। এ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙ্গা টেলিভিশন ও গাজী টিভি।
দুর্দান্ত ছন্দে থাকা দুই সেরা বোলারকে রেখেই মাশরাফি বিন মর্তুজার নতুন লড়াই। এই লড়াইয়ে মাঠে জয় হতে পারলেই পুরো বাংলাদেশকে বিশ্বজয়ের হাসি এনে দিতে পারবেন টাইগার দলপতি।
বিশেষ করে তাসকিন আহমেদ ও আরাফাত সানিকে হারানোর বাস্তবতা মেনেই বাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামেই যে সোমবার রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ম্যাচে মুখোমুখি হতে হচ্ছে মাশরাফি বাহিনীকে। একদিন আগেই তাসকিন ও সানিকের অবৈধ্য বোলিং অ্যাকশনের কারণ দেখিয়ে দূরে ঠেলে দেয়া হয়েছে। ক্যারিয়ারে কঠিন সব লড়াই পার করেও অবিচল মাশরাফি। এবার দেশের ভাবনায় মাশরাফির চোখে অশ্রু ঝরে পড়ল। হয়তো কী হচ্ছে বাংলাদেশের ক্রিকেট নিয়ে এটা ভেবেই কাঁদলেন মাশরাফি।
ম্যাচের আগের দিন সব সময়ই আলোচনা থাকে উইকেট, গেম প্লান নিয়েই। কিন্তু রোববার বাংলাদেশ দলের ভেতরে বাইরে আলোচনায় তাসকিন ও সানিকে নিয়ে। তাদের পরিবর্তে সাকলাইন সজীব ও শুভাগত হোম রোববার সকালেই ব্যাঙ্গালুরুতে এসে পৌঁছেছেন। ভ্রমন ক্লান্তি কাটতে আরও কিছুটা সময় লাগবে, তাই তাদের একাদশে রাখা কঠিনই হবে টিম ম্যানেজম্যান্টের জন্য।
উইকেট নিয়ে আগের দিনই একটা ধারণা করে ফেলেছেন কোচ ও অধিনায়ক। উইকেটে ঘাস থাকলেও রান বন্যা হয়ে যেতে পারে। ছোট মাঠ, বেশ সাজানো গোছানো। এবার বিশ্বকাপের আগে এই মাঠে আন্তর্জাতিক টি২০ ম্যাচ হয়েছে একটাই। কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অনেক ম্যাচের স্বাক্ষী এই স্টেডিয়াম। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে বাংলাদেশ দলের অবস্থ সম্পর্কে মাশরাফি বলেন, ‘ঘরের দু’জন ছেলের যদি সমস্যা হয়, আপনি যেকোন কাজই ভালো ভাবে করতে পারবেন না। সেই উদ্যমটা আর পাবেন না। আমাদের কাছে জিনিসটা এখন ওই রকম। আমাদের মানসিক অবস্থা এখন ওই রকম নেই। সবাইকে দেখলেই বুঝতে পারবেন। কিন্তু আমরা অবশ্যই মাঠে নামব, যতটুকু গতি নিয়ে এর আগের ম্যাচে আমরা মাঠে নেমেছিলাম।’
তাসকিন আহমেদ সর্বশেষ কয়েকটা ম্যাচ থেকে স্ট্রাইক বোলার হিসেবে মাঠে নামছেন। দারুণ একটা শুরুও এনে দিয়েছেন দলকে। অথচ সোমবার তাসকিনকে পাবে না বাংলাদেশ। ইনজুরির কারনে দলের সেরা বোলার মুস্তাফিজুর রহমানকে ছয় ম্যাচ পায়নি বাংলাদেশ। টাইগারদের সামনে এখন আর কোনো বিকল্প নেই। এই বাঁহাতি কাটার মাস্টার যদি মাত্র ২০ ভাগ সুস্থ থাকলেও তাকে খেলানো হবে বলে জানালেন মাশরাফি। অথচ তাকে বাংলাদেশ কখনওই ঝুঁকির সামনে রাখতে চাননি। যদিও পুরোপুরি ফিট হয়েই মাঠে এদিন মাঠে নামবেন মুস্তাফিজুর। তাসকিনকে হারানোর দুঃখ মুস্তাফিজুরই হয়তো ভুলিয়ে দিতে পারবেন ব্যাঙ্গলুরুর ম্যাচে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ম্যাচের বাইরে আরও একটি লড়াই কাজ করছে মাশরাফিদের। গত বছর নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ সফর করেনি অস্ট্রেলিয়া। নিরাপত্তার অজুহাত দেখিয়ে সফরটি স্থগিত করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। তার আগে ওয়ানডে বিশ্বকাপে মেলবোর্নে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার লড়াইটা বৃষ্টিতে ভেসে যায়। তবে বাংলাদেশ দলের বর্তমান ক্ষমতা সম্পর্কে ভালোই ধারণা রয়েছে অস্ট্রেলিয়ার। তাই হালকাভাবে নিচ্ছেনন না অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ।
এ পর্যন্ত অস্ট্রেলিয়া ও বাংলাদেশ তিনটি টি২০ ম্যাচে মুখোমুখি হলে সেখানে তিনটিতে জয় পেয়েছে অজিরা। আর ২০টি ওয়ানডে ম্যাচে একবার অস্ট্রেলিয়াকে হারাতে পেরেছিল বাংলাদেশ। তারপরও মাশরাফির দলের প্রতি শ্রদ্ধা রেখে অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ বলেন, ‘বাংলাদেশ খুবই উন্নতি করেছে। কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে এই দলটা অনেক কিছু শিখেছে। সর্বশেষ কয়েক বছর তারা ভালো ক্রিকেট খেলছে। তাই আগামীকালের (সোমবার) রাতের তারা আমাদের জন্য বড় চ্যালেঞ্জই হবে।’
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আল আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান ও আবু হায়দার রনি।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ : শেন ওয়াটসন, উসমান খাজা, স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, মিশেল মার্শ, জেমস ফকনার, পিটার নেভিল, নাথান কালটার নেইল, অ্যাডম জাম্পা ও জোস হেজেলউড।











