ক্রিকেট জ্বরে কাঁপছে দেশ
স্পোর্টস ডেস্ক : সমুদ্রের গর্জন দেখেছেন। আওয়াজ শুনেছেন। গর্জন দেখেছেন মিরপুরে। শুনেছেন আওয়াজও। সমুদ্রে গর্জন সব সময় উঠলেও মিরপুরে ওঠে মাঝে মাঝে। কিন্তু যখনই ওঠে সব কিছু লণ্ডভণ্ড করে দেয়। ম্লান করে দেয় সমুদ্রের আওয়াজকেও।
মিরপুরে কি এমন আওয়াজ যা সমুদ্রের গর্জনকেও হার মানিয়ে দেয়! এই আওয়াজ ১১ যোদ্ধার। এরা কামান-গোলা-বারুদ নিয়ে যুদ্ধ করে না। ২২ গজের উইকেটে ব্যাটে-বলে লড়াই করে। ব্যাটে-বলের এই লড়াই এমনই মহাকার ধারণ করে, যেখানে গোটা বাংলাদেশ কেঁপে ওঠে। এরা মাশরাফি বাহিনী। অতীতে বহুবার গোটা বাংলাদেশকে কাঁপিয়ে দিয়ে বিনে সুতোয় মালা গেঁথেছেন। কিন্তু এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনাল ম্যাচকে সামনে রেখে যেভাবে গোটা বাংলাদেশ কেঁপে উঠেছে তা অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। আজ ভারতের বিপক্ষে শিরোপাযুদ্ধে ফলাফল কী হবে তা পরের বিষয়। কিন্তু তার আগে মাশরাফিদের এই যুদ্ধ দেখার জন্য বাংলার ক্রিকেটপ্রেমী মানুষ নিজেরাও যুদ্ধ করেছেন! তাদের এই যুদ্ধ ছিল একটি টিকিটের জন্য। ইচ্ছে মাঠে বসে স্বশরীরে লড়াই উপভোগ করে রাজসাক্ষী হয়ে থাকা। সেখানে কেউ সফল হয়েছেন, কেউ হয়েছেন ব্যর্থ। কিন্তু ‘টিকিট’ নামক সোনার হরিণের নাগাল পেতে তাদের শুধু রাস্তায় রাত যাপনই করতে হয়নি, রক্তও ঝরাতে হয়েছে। তাদের এই রক্ত ঝরা সার্থক হবে যদি মাশরাফিরা আজ দেশবাসীকে শিরোপা এনে দিতে পারেন?
এশিয়া কাপ ক্রিকেট যেন বাংলাদেশের ক্রিকেটের সিঁড়ি বেয়ে ওপরে ওঠার এক বড় মঞ্চ। ১৯৮৮ সালে বাংলাদেশ প্রথমবারের এশিয়া কাপের স্বাগতিক হয়েছিল। তারপর আজহারউদ্দিন, কপিল দেব, ভেংসরকার, জাভেদ মিয়ানদাদ, ওয়াসিম আকরাম, অরভিন্দ ডি সিলভা, রানাতুঙ্গা, মাহানামার মতো জীবন্ত কিংবদন্তি ক্রিকেটারদের খেলা সরাসরি মাঠে বসে দেখার পর থেকেই এ দেশের ক্রিকেটে জনপ্রিয়তার পালে হাওয়া লাগে। তারপর তো বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে খেলেছে। টেস্ট মর্যাদা পেয়েছে। এভাবে পথ চলার পর ২০১২ সালে বাংলাদেশে অনুষ্ঠিত সেই এশিয়া কাপেই বাংলাদেশ ফাইনালে খেলে, যা ছিল বড় মাপের কোনো আসরে প্রথমবারের মতো ফাইনাল খেলা। ফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর শেষ বলে পাকিস্তানের কাছে মাত্র দুই রানে হেরে গোটা বাংলাদেশ কেঁদেছিল। এবারো সেই এশিয়া কাপ। আবারো বাংলাদেশ ফাইনালে। এবার অবশ্য টি-টোয়েন্টি ক্রিকেট। যেখানে বাংলাদেশের অবস্থা ছিল আবার ভীষণ নাজুক। সে কারণেই হয়তো অপ্রত্যাশিত এই ‘ফাইনাল’ খেলার ধকল সামাল দিয়ে উঠতে পারছে না দেশবাসী। গোটা বাংলাদেশকে এমন কাঁপুনি দিয়েছে যে শরীর থেকে রক্ত ঝরলেও টিকিটের জন্য হাল ছাড়েননি।
ঘূর্ণিঝড় যেমন ধীরে ধীরে শক্তিশালী হয়ে আঘাত হানে, ক্রিকেটের প্রতি গতকাল বাংলাদেশের মানুষের রক্তঝরা ভালোবাসার চূড়ান্ত বহিঃপ্রকাশ ছিল অনেকটা সেরকমই। কিন্তু এর ধাক্কা লাগতে শুরু করেছিল ২ মার্চ বুধবার পাকিস্তানকে হারিয়ে ফাইনালে খেলা নিশ্চিত হওয়ার পর থেকেই। টিকিটের জন্য মানুষের চাহিদা এমনই বেড়ে যায় যে, বিসিবির অনেক পরিচালক পরদিন বৃহস্পতিবার থেকেই মুঠো ফোনের সুইচ অফ করে দেন। সেই সুইফ অফ গতকাল পর্যন্ত ‘অন’ হয়নি। টিকিট নিয়ে এ রকম লঙ্কাকাণ্ড না ঘটলে শুধু সবার আগ্রহ থাকত বাংলাদেশ-ভারতের ফাইনাল ম্যাচ নিয়েই। কিন্তু এখন যে অবস্থা তা ম্যাচ শুরুর আগ পর্যন্তই বিদ্যমান থাকবে। টিকিটের জন্য মানুষের চেষ্টা চলবে শেষ মুহূর্ত পর্যন্ত।
বাংলাদেশের অপ্রত্যাশিত ফাইনাল খেলায় কোটি কোটি দেশবাসী বিস্মিত। আবেগে আপ্লুত। অনেকেরই বিশ্বাস করতে কষ্ট হয়েছিল। ক্রিকেটবিশ্বও অবাক হয়েছে। কিন্তু বোকা বানিয়েছে আইসিসিকে। ৮ মার্চ ভারতে বাছাইপর্ব দিয়ে যাত্রা শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের। বাংলাদেশের খেলা ৯ মার্চ নেদারল্যান্ডের বিপক্ষে। এশিয়া কাপে বাংলাদেশ ফাইনালে খেলতে পারবে না ধরেই নিয়ে আইসিসি সেভাবে খেলার সূচি তৈরি করে। যেখানে গতকাল ছিল হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের একমাত্র প্রস্তুতি ম্যাচ। কিন্তু আইসিসির ধারণাকে ভুল প্রমাণ করে বাংলাদেশ ফাইনালে উঠে আসাতে বাতিল করা হয়েছে প্রস্তুতি ম্যাচ। এখন বাংলাদেশ ফাইনাল খেলেই পরের দিন চলে যাবে ধর্মশালায়। ক্রিকেটারদের ক্লান্তি দূর করতে ‘চাটার্ড’ বিমানে করে নিয়ে যাওয়া হবে ধর্মশালায়। যেখানে বাংলাদেশ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার জন্য হাতে সময় পাবে মাত্র একদিন। সেখানে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের তাপমাত্রা বর্তমানে ৩৩ ডিগ্রি।
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের যে ভগ্নদশা ছিল, এশিয়া কাপের ফাইনালে ওঠার মাধ্যমে সে অবস্থা এখন হিমঘরে ঠাঁই পেয়েছে। একদিনের ক্রিকেটের পর টি-টোয়েন্টি ক্রিকেটেও বাংলাদেশ নিজেদের শক্তিমত্তা জাহির করেছে। আজ জিতলে সেখানে একটা সুদৃঢ় কাঠামো পাবে। আজকের জয়-পরাজয়ের মাঝেও এটি অনেক বড় প্রাপ্তি। ছোট্ট একটি পরিসংখ্যান দিলে এ ব্যাপারে ভালো একটা ধারণা পাওয়া যাবে। আসরের সেরা দুটি দল ফাইনালে খেললেও র্যাঙ্কিংয়ে কিন্তু দুটি দলের মাঝে ব্যবধানে ১:১০। র্যাঙ্কিয়ে ভারত এক নম্বরে। বাংলাদেশের অবস্থান দশে। এতেই বোঝা যায় এই ফরম্যাটের ক্রিকেটে বাংলাদেশের কি অস্বাভাবিক উত্তরণ ঘটেছে। অথচ এই দুই দলের খেলা দিয়ে যখন আসরের পর্দা উঠেছিল, স্বাভাবিকভাবেই হার হয়েছিল বাংলাদেশের। আজ আবার এই দুই দলের খেলা দিয়েই পর্দা নামতে যাচ্ছে আসরের। শুরু এবং শেষে দুই প্রতিপক্ষের মিল থাকলেও ফলাফলের অমিলই চাচ্ছেন বাংলাদেশের মানুষ। এটা হলে রাতের আঁধারে বাংলাদেশের উৎসবে যে কি রং লাগবে তা আন্দাজই করা যাবে না। রাতকে দিন বানিয়ে গোটা বাংলাদেশই হয়তো আরেকবার রাস্তায় নেমে পড়বে। যেমনটি হয়েছিল ১৯৯৭ সালে আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেটে খেলার সুযোগ পেয়ে।
পরিসংখ্যানের দিকে তাকালে বাংলাদেশের ক্রিকেটপ্রেমী মানুষের মাঝে হতাশাই বিরাজ করবে। কারণ টি-টোয়েন্টি ক্রিকেটে অবিসংবাদিতভাবে ‘সেরা’ ভারতের বিপক্ষে বাংলাদেশের এখন পর্যন্ত নেই কোনো জয়। আগের তিনবারের প্রতিবারই নিতে হয়েছে হারের জ্বালা। তবে এখনকার বাংলাদেশ অতীতকে মুছে দেয়ার জন্য। নতুন ইতিহাস গড়তেই তারা পছন্দ করে। মাশরাফির নেতৃত্বে তারা এখন ‘দল’ হয়ে উঠেছে। যে কোনো প্রতিরোধ বা প্রতিপক্ষকে হটিয়ে দিতে বদ্ধপরিকর। সেখানে ভারত বলে নেই কোনো বাড়তি ভাবনা। ভারতকে তিনি ফেভারিট হিসেবে মানলেও মাঠের লড়াইয়ে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি না। মাশরাফির ভাষ্য, ‘এ মুহূর্তে আমাদের দলীয় একতা দারুণ। এটাই আমরা ধরে রাখতে চাই। দর্শক, মাঠ এবং কন্ডিশন সব আমাদের পক্ষে। সে হিসেবে আমাদের সামনে দারুণ সুযোগ আছে।’ নিজেদের ছাড়িয়ে যাওয়ার মিশনে নামা মাশরাফি শিরোপা জয়ের কথা মুখ ফুটে না বললেও অন্তরে জমে আছে। এখন তা বাইরে ছড়িয়ে দিতে চান। আকারে ইংগিতে তাই-ই যেন জানালেন চার বছর আগে পাকিস্তানের কাছে শেষ বলে হেরে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হলে করণীয় কী হবে জানতে চাওয়া হলে, ‘ওই রকম পরিস্থিতি তৈরি হলে হয়তো চার বছর আগের চেয়ে ভালো করতে পারব। টি-টোয়েন্টি খেলাটা এমন নিজের দিনটা নিজের হলে সব কিছু সম্ভব।’
ফাইনালে আসার পথে ভারত যেখানে অপরাজিত, সেখানে বাংলাদেশ হেরেছিল শুধু ভারতের কাছেই। আজ চ্যাম্পিয়ন হতে পারলে প্রতিশোধও নেয়া হবে। কিন্তু মাশরাফি প্রতিশোধে বিশ্বাসী নন। তিনি জিততে চান। এদিকে হাল জমানায় ভারত-বাংলাদেশের ম্যাচ নিয়ে অন্য রকম আবহ তৈরি হয়। এটি শুরু হয়েছে বিশ্বকাপ ক্রিকেটের সেই বহুল বিতর্কিত কোয়ার্টার ফাইনাল ম্যাচ নিয়ে। এরপর ঘরের মাটিতে তো একদিনের সিরিজে বাংলাদেশ তিন ম্যাচের সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে ভারতকে হারিয়ে নিয়েছিল প্রথম প্রতিশোধও। যদিও এবারের এশিয়া কাপে ভারত আবার পাল্টা হারিয়েছিল বাংলাদেশকে। সে ম্যাচে ভারতকে বেশ ভালোভাবেই চাপে ফেরেছিল বাংলাদেশ। আজ তা’হলে কার পালা?











