আইটেমের নামে ফিরছে অশ্লীলতা
বিনোদন ডেস্ক : প্রতি সপ্তাহে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছবি রিলিজ হচ্ছে। দর্শক টানতে সেসব ছবিতে অতিরিক্ত বিনোদন হিসেবে জুড়ে দেয়া হচ্ছে আইটেম গান। এসব গান মোটেও রুচিশীল নয় বলেও অনেকের মন্তব্য। ভিনদেশী সংস্কৃতি থেকে ধার করে আনা আইটেম গান সুস্থ ছবিগুলোতেও পরিবেশ নষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে ঢাকার চলচ্চিত্রে আবারও ফিরে আসছে অশ্লীলতা।
সিনেমায় আইটেম গান। নতুন এক সংস্কৃতি। বিষয়টি পুরনো। কিন্তু নতুন আঙ্গিকে এটিকে সাজানো হয়েছে। তাও আবার রুচিসম্মত নয়। হাল আমলে প্রায় প্রত্যেকটি ছবিতেই আইটেম গান থাকছে। এর কতকটা আবার একেবারেই কুরুচিপূর্ণ। এসব গানে প্রতিষ্ঠিত কিছু নায়িকার পাশাপাশি কয়েকজন নতুন শিল্পীও কাজ করেন। যারা আইটেম কন্যা হিসেবে ঢাকাই ইন্ডাস্ট্রিতে পরিচিত। আগে স্বল্প পরিসরে সিনেমায় আইটেম গানের প্রচলন থাকলেও বলিউডের অনুকরণে ২০১২ সালে ‘ভালোবাসার রং’ ছবির মাধ্যমে নিয়মিতভাবে ঢাকার ফিল্ম ইন্ডাস্ট্রিতে আইটেম গানের চল শুরু হয়েছে। এ ছবিতে ‘প্রেম রসিয়া’ নামে একটি আইটেম গানে পারফর্ম করেছেন বিপাশা কবির। গানের মাধ্যমে বেশ আবেদন ছড়ানোর চেষ্টা করেছেন মেয়েটি। যদিও পরিচালক এবং প্রযোজকের মনোস্কামনা পূর্ণ করতেই এ ধরনের কাজ করা তার। কিন্তু পরবর্তী সময়ে এই এক বিপাশার বাঁকা ঠোঁটের চর্বিত চর্বণে আইটেম গানের অবস্থা ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা।
ঢাকাই ছবির আরেক আইটেম কন্যার নাম নায়লা নাইম। তাকে নিয়ে কাজ করতে হলে নির্মাতাদের বেশ বেগ পোহাতে হয়। তাকে কেউ কেউ বাংলা সানি লিওন বলেও আখ্যায়িত করেন। সুতরাং বোঝাই যাচ্ছে, পর্ন তারকা সানি লিওনের তকমা যার নামের সঙ্গে জুড়ে আছে তাতে কতটা রুচিশীলতার পরিচয় দিতে পারেন তিনি! তবুও নায়লাকে নিয়ে আইটেম গানে কাজ করার চেষ্টা করেন নির্মাতারা। পারফরম্যান্স নয়, নিজেরে শরীরি আবেদন দিয়েই টিকে থাকার চেষ্টা করছেন এ মেয়েটি। কিন্তু শেষ পর্যন্ত নায়লা কতটা নেশা জাগিয়ে রাখতে পারবেন দর্শকদের- সেটাই এখন প্রশ্ন। নায়লার মতো স্বঘোষিত বাংলার সানি লিওন নামে আরও এক আইটেম কন্যার খোঁজ মিলেছে ঢাকার ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তিনি জ্যাকলিন মিথিলা। এ মেয়েটি নায়লার চেয়ে আরও এককাঠি সরস। পুরো নগ্ন হয়ে শুটিং করতে তার আপত্তি নেই। ফেসবুকে তার খোলামেলা পোশাকে উপস্থিতি সেটাই প্রমাণ করে। কোনো কোনো নির্মাতা তাকে নিয়ে কাজ করার স্বপ্নও দেখেন। আবার কেউ কেউ স্বপ্ন পূরণ করেও ফেলেছেন। কিন্তু সত্যিকার আইটেম কন্যা হওয়ার স্বপ্ন পূরণ হয়নি মিথিলার। কারণ অশ্লীল হয়ে দর্শক টানা সহজ ব্যাপার নয়, বিষয়টি নিশ্চয়ই এতদিনে বুঝে গেছেন সবাই।
কেন বলিউডের মতো বাংলাদেশের ছবিতে আইটেম গান জনপ্রিয় হতে পারছে না। এটাও একটা প্রশ্ন। এর কারণ অনেকগুলো। প্রথমত, এ সময়ে যেসব আইটেম গান হচ্ছে সেগুলোর প্রায় প্রতিটির সেট, শিল্পীর কস্টিউম, গানের কথা, কম্পোজিশন- সবই এক। ইংরেজি-হিন্দী-বাংলা শব্দের মিশেলে এমন এক কথার গান তৈরি হচ্ছে, যা গানের মাধুর্যতা নষ্ট করে প্রবল বাণিজ্যের সস্তা উপকরণে পরিণত হয়েছে। মুন্নী, শিলা, চামেলি, দেহ, রূপ, রস, দিল- এ রকম উত্তেজক হিন্দী-বাংলা শব্দ দিয়ে গাঁথা হচ্ছে গানের কথা। যার কারণে ঢাকাই ছবিতে আইটেম গান এখন রুচিহীনতার মহোৎসব ছাড়া কিছুই নয়। এ মুহূর্তে ঢাকাই ছবির আইটেম গানের কথা হচ্ছে এ রকম- ‘ওরে পাকনা চেয়ে দেখনা আমি আইসক্রিম, চাইলে পাবি আইলে খাবি দেখবি নাইস ড্রিম, আইসক্রিম খাবো আমি মিষ্টি মিষ্টি করে, নাইস ড্রিম দেখবো আমি দুষ্টু দুষ্টু করে’, কিংবা ‘আয় না দুজনে মিলে ওয়ান টু খেলি, মুন্নী শিলা নই আমি আমি চামেলি’, অথবা ‘আমি দেখতে লালে লাল, রূপে গোল মরিচের ঝাল’ ও ‘ফুর্তি ফুর্তি আজ, ফুর্তি সারা রাত, বাকি সব যা কিছ, যাক গোল্লায় যাক।’ এসব সস্তা কথার গানের সঙ্গে আইটেম কন্যাদের অশ্লীল অঙ্গভঙ্গি মূলত কয়েক বছর আগের অশ্লীলতার কথাই স্মরণ করে দেয়। মূলত কাটপিস জুড়তে না পেরে নির্মাতারা আইটেমর নামে এসব অশ্লীল গান দিয়েই ‘দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছেন’ বলে সুস্থধারার দর্শকদের অভিযোগ।
কিন্তু আইটেম গান কী সত্যিই অশ্লীলতা? মোটেও তা নয়। বরং চলচ্চিত্রের বেশ কয়েকজন নায়িকা আইটেম গানে নিজেদের আলাদা মেধার পরিস্ফুটন ঘটিয়েছেন। যেহেতু সময়ের পরিক্রমায় আইটেম গানের ট্রেন্ড চালু হয়েছে, তাই যথোপযুক্ত আইটেম কন্যার অভাবে কিছু নায়িকা এ ট্রেন্ডের হাল ধরেন। ‘অগ্নি-২’ ছবিতে মাহিয়া মাহি ‘ম্যাজিক মামনি’ শিরোনামের আইটেম গানে বেশ ঝলক দেখান। গানটি বেশ জনপ্রিয়তাও পেয়েছে। আবার অন্যদিকে আইটেম গান দিয়েই চিত্রনায়িকা ববির ক্যারিয়ার শুরু। অনন্ত জলিলের প্রথম ছবি ‘খোঁজ দ্য সার্চ’-এ ববি ছিলেন আইটেম কন্যা। এরপর ২০১৫ সালে ‘অ্যাকশন জেসমিন’ ছবিতেও তাকে আইটেম গানে দেখা গেছে।
হালের বিতর্কিত নায়িকা পরিমনিও তার প্রথম ছবি ‘ভালোবাসা সীমাহীন’-এ আইটেম গানে পারফর্ম করেছেন। র্যাম্প মডেল হিরা ‘গেইম’ ও ‘ইউটার্ন’ নামের দুটি ছবিতে আইটেম গানে পারফর্ম করেন। গানগুলো জনপ্রিয় না হওয়ার কারণে তিনি আলোচনায় আসতে পারেননি। ‘ব্ল্যাকমেইল’ ছবিতে আইটেম গানে দেখা গেছে টিভি অভিনেত্রী মৌসুমী হামিদকে। আরেক টিভি অভিনেত্রী প্রসুন আজাদকেও ‘ইউটার্ন’ ছবিতে আইটেম গানে দেখা গেছে। নিজের প্রথম ছবি ‘অন্তরঙ্গ’তে আইটেম গানেও পারফর্ম করেছেন টিভি অভিনেত্রী আলিশা প্রধান। আরেক র্যাম্প মডেল জান্নাতুল ফেরদৌস পিয়া ‘গ্যাংস্টার রিটার্নস’ নায়িকার পাশাপাশি আইটেম কন্যা হিসেবেও কাজ করেছেন।
১৯৯৬ সালে এহতেশামের পরিচালনায় ‘মৌমাছি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে সিনে পর্দায় অভিষেক ঘটে চিত্রনায়িকা মুনমুনের। এরপর অসংখ্য চলচ্চিত্রে দেখা গেছে এই নায়িকাকে। কিন্তু শেষের দিকে এসে অশ্লীলতার দায়ে বিতর্কিত হয়ে পড়ে তিনি। শেষ পর্যন্ত আর টিকে থাকতে পারেননি। অভিযোগ কাঁধে নিয়ে ইন্ডাস্ট্রি থেকে তাকে বিদায় নিতে হয়েছিল। অবশেষে আইটেম গানের মাধ্যমেই ফের তার প্রত্যাবর্তন ঘটেছে। শুটিং চলতি ‘মেঘকন্যা’ নামের একটি ছবিতে আইটেম গার্ল হয়েই তার ফিরতি যাত্রা শুরু। ‘ক্লাব-ডি’ নামের একটি ছবির আইটেম গানে পারফর্মের মাধ্যমে ঢাকার চলচ্চিত্রে অভিষেক ঘটেছে আরও এক আইটেম কন্যার। নাম তার মিতু। কিন্তু সস্তা এবং অশ্লীল কথার এই আইটেম জগতে তার অবস্থান কতটা রুচিশীল হবে সেটাও একটা প্রশ্ন।
‘আমার প্রেম তুমি’ নামের একটি ছবিতে আইটেম গান করছেন নবাগত মিষ্টি জান্নাত। ধূমকেতু নামের একটি ছবিতে আইটেম গানে পারফর্ম করার জন্য সর্বোচ্চ পারিশ্রমিক নিয়েছেন বলে দাবি করছেন আরেক নতুন আইটেম কন্যা হ্যাপি। তার বক্তব্য, ‘বর্তমানে শীর্ষ নায়িকারা একটা চলচ্চিত্রে যে টাকা পারিশ্রমিক নেন আমি আইটেম গানের জন্য তা নিচ্ছি। তবে পারিশ্রমিক বেশির জন্য না শুধু, শাকিব ভাই ও বড় বাজেটের ছবি হওয়ায় কাজ করতে রাজি হয়েছি।’ প্রশ্ন হচ্ছে, যে আইটেম কন্যার এত চাহিদা, তার নামটুকু দর্শক জানে তো?
ছবিতে আইটেম গান দোষের কিছু নয়। যদিও হাল আমলের কোনো কোনো ছবির ক্ষেত্রে আইটেম গানের সঙ্গে ছবির গল্পের কোনো মিল নেই। তবুও দর্শকদের বাড়তি বিনোদন দিতেই এ ব্যবস্থা। বলিউডের নায়িকা স্নেহা উল্লাল থেকে শুরু করে মার্কিন মুল্লুকের অধিবাসী সিন্ডি রোলিং পর্যন্ত কেউ-ই যেন ঢাকাই ছবির আইটেম গানকে জমাতে পারেননি। অতিরিক্ত দর্শক টানতে পারেননি প্রেক্ষাগৃহে। এর কারণ গানে রুচিশীলতার প্রভাব। নির্মাতাদের অজ্ঞতা এবং কুরুচিপূর্ণ প্রযোজকের আবির্ভাবই বাংলাদেশে এই আইটেম শিল্পকে জনপ্রিয় করে তুলতে পারেনি। বরং আইটেমের নামে ঢাকার চলচ্চিত্রে আবারও অশ্লীলতা জেঁকে বসছে বলেই দর্শকরা অভিযোগ করেছেন।











