বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টি-২০ ক্রিকেটের আবিষ্কারক মার্টিন ক্রো আর নেই

martin-jugantor_5813স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ফরম্যাটের অগ্রদূত, নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক, লেখক, সম্প্রচারক এবং পরামর্শদাতা মার্টিন ক্রো মারা গেছেন। ক্রো ২০১২ সাল থেকে লিম্ফোমা রোগে আক্রান্ত ছিলেন।

মার্টিন ক্রোর পরিবার এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিবৃতিতে পরিবার জানায়, ২০১২ সালে লিম্ফোমা রোগে আক্রান্ত ক্রোর শারীরিক অবস্থার অবনতি ঘটে ২০১৪ সালে। দীর্ঘদিন রোগে ভুগে আজ সকালে ৫৩ বছর বয়সে অকল্যান্ডে তিনি মারা যান।

নিউজিল্যান্ড ক্রিকেট দলের সবথেকে সফল এ ব্যাটসম্যানের ১৯৮২ সালে ১৯ বছর বয়সে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হয়। খুব দ্রুতই তার ব্যাটিং কৌশল বিশ্বব্যাপি প্রশংসিত হয়।

মার্টিন ক্রো তার টেস্ট ক্যারিয়ারে ১৭টি সেঞ্চুরি করেন। কিউই দলের হয়ে ব্যক্তিগত ২৯৯ রানের রেকর্ডটি তার ছিল। তবে সেই রেকর্ডটি ভাঙেন সদ্য অবসর নেয়া ব্রেন্ডন ম্যাককালাম।

১৯৯২ সালে ক্রোর নেতৃত্বে বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে ওঠে নিউজিল্যান্ড। তবে পাকিস্তানের বিপক্ষে হেরে ফাইনালে ওঠা হয়নি ব্লাকক্যাপসদের।

মার্টিন ক্রো ১৯৯৫ সালে হাঁটুর ইঞ্জুরিতে পড়েন। পরে মাত্র ৩৩ বছর বয়সে ক্রিকেটকে বিদায় জানান ক্রো। তবে ২০১১ সালে ফের ক্রিকেট ফেরার ঘোষণা দিয়েছিলেন তিনি। অকল্যান্ডের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন ক্রো। কিন্তু ইঞ্জুরির কারণে তখন আর খেলা হয়নি তার।

মার্টিন ক্রো অনেকদিন খেলোয়াড়দের পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন। বিশেষ করে ২০১২ সালে রস টেইলরের অধিনায়কত্ব চলে যাওয়ার পর তার পরামর্শক হিসেবে কাজ করেছেন ক্রো। মার্টিন ক্রোর প্রশিক্ষণেই এবং কৌশলেই রানে ফেরেন টেইলর। গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ডাবল সেঞ্চুরিও করেন টেইলর। সাবেক অজি অধিনায়ক মাইকেল ক্লার্কের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন মার্টিন ক্রো।

গত বিশ্বকাপে ম্যাককালামের দলকে খুব কাছে থেকেই ফাইনাল খেলতে দেখেছেন ক্রো। তবে দলকে বিশ্বকাপ জেতাতে পারেননি ব্রেন্ডন। সর্বশেষ কিউই বোলার ডেনিয়েল ভেট্টরির অবসরের সময় জনসম্মুখে এসেছিলেন মার্টিন ক্রো।

এদিকে মার্টিন ক্রোর মৃত্যুতে ক্রিড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে টুইটারে শোক জানিয়েছেন অনেক ক্রিকেটার।

নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং এক টুইট বার্তায় লিখেছেন, মার্টিন ক্রো আমিসহ অসংখ্য ক্রিকেটারের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন। আজ সকালে তার মৃত্যুর খবর শুনে আমি খুবই মর্মাহত।

শ্রীলংকার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা ক্রোর আত্মার শান্তি কামনা করে লিখেছেন, ক্রো বিশ্বজুড়ে ক্রিকেটারদের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন। তিনি একজন অসাধারণ ব্যাটসম্যান ছিলেন।

খুব শিগগিরই তার অন্তেষ্টিক্রিয়ার বিষয়ে জানানো হবে বলে জানানো হয়েছে।

একনজরে মার্টিন ক্রোর ক্যারিয়ার

মার্টিন ক্রো ৭৭টি টেস্ট ম্যাচ খেলেছেন। ৪৫ গড়ে রান করেছেন ৫ হাজার ৪৪৪। সর্বোচ্চ রান ২৯৯। ১৭টি শতক এবং ১৮টি অর্ধশতক করেন তিনি।

১৪৩টি একদিনের ম্যাচে ৩৮ গড়ে রান করেন ৪ হাজার ৭০৪। ৪টি শতক এবং ৩৪টি অর্ধশতক করেন তিনি। টেস্ট এবং ওয়ানডে মিলে উইকেট নেন ৪৩টি। সূত্র: ক্রিকইনফো।