‘যুদ্ধে’র আগে শুভেচ্ছা বিনিময়
স্পোর্টস ডেস্ক : ‘বন্ধু তুমি, শত্রু তুমি’। সাব্বির-আফ্রিদিকে এই তকমাটা দেওয়াই যায়। রাত পোহালে ক্রিকেট যুদ্ধে নেমে পড়বেন দুজন। একজনের কান্নায় হাসবেন আরেকজন। কিন্তু তার আগে বন্ধুত্বের প্রমাণ দিলেন দুই ক্রিকেটার। আফ্রিদির জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন সাব্বির। হাসিমুখে দুজনে তুলেছেন সেলফি।
সাব্বির ফেসবুকে শুভেচ্ছা জানানোর কথা নিশ্চিত করেছেন। সেলফির ক্যাপশনে ‘হ্যাপি বার্থডে’ লিখে আফ্রিদির অফিশিয়াল ফেসবুক পেজে ট্যাগ করেছেন।
কাল আফ্রিদির দিকে যেমন তাকিয়ে থাকবে পাকিস্তান, ঠিক তেমনি সাব্বিরের কাছেও অনেক প্রত্যাশা বাংলাদেশের। সাব্বির প্রত্যাশার পারদ চড়িয়ে দিয়েছেন মূলত শ্রীলঙ্কা ম্যাচ থেকে। ৮০ রানের নান্দনিক ইনিংস খেলে দলকে জয় এনে দেন। কালও কি সেই ছন্দ অব্যাহত থাকবে?











