বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালিঙ্গাকে নিয়ে আলাদা করে ভাবছে না বাংলাদেশ

sabbir_103719স্পোর্টস ডেস্ক : রবিবার এশিয়া কাপের গুরুত্বপূর্ণ মাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ফাইনালে যেতে হলে ওই ম্যাচটি না জিতলেই নয়। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে জয় মোটেও সহজ নয় বলে মনে করা হচ্ছে।

কারণ, শ্রীলঙ্কার আছে লাসিথ মালিঙ্গার মত বিপজ্জক বোলার। টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বের সেরা পেসার মনে করা হয় তাকে। তার রহস্যময় বোলিং বুঝে ওঠা খুবই কঠিন ব্যাপার। মানে বাংলাদেশের জয়ে সবচেয়ে বড় বাঁধা হতে পারেন এই ফাস্ট বোলার। মালিঙ্গাকে নিয়ে নিশ্চয়ই আলাদা গেম প্ল্যান করে রেখেছে বাংলাদেশ।

কিন্তু বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটসম্যান সাব্বির রহমান জানালেন, মালিঙ্গাকে নিয়ে আলাদা করে কোনও কিছু ভাবছে না দল। আজ মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুশীলন শেষে সাব্বির বললেন, ‘মালিঙ্গা অনেক বড় বোলার। তাকে খেলা সহজ ব্যাপার নয়। তবে আমরা তাকে নিয়ে আলাদা করে কিছু ভাবছি না। আমরা সতর্ক এবং স্বাভাবিক খেলাটাই খেলতে চাই।’

প্রথম ম্যাচে ভারতের কাছে বাজেভাবে হারলেও শুক্রবার আমিরাতের বিপক্ষে বড় জয়টা দলের আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে বলে মনে করেন সাব্বির। আর এটা শ্রীলঙ্কা ম্যাচে কাজে আসবে।

সাব্বির বলেন, ‘ভারতের বিপক্ষে আমরা জিততে পারিনি। তবে আমিরাতকে আমরা হারিয়েছি। এটা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। আশা করি শ্রীলঙ্কার বিপক্ষে সেটা কাজে আসবে।’

টি-টোয়েন্টি ফরম্যাটে দলগুলোর মধ্যে কোনও পার্থক্য নেই বলে মনে করেন সাব্বির। নির্দিষ্ট দিন যারা ভালো করবে, তারাই জিতবে।

সাব্বির বলেন, ‘আসলে ২০ ওভার ম্যাচে দলগুলোর মধ্যে তেমন কোনও পার্থক্য নেই। ১৯-২০। যারা ভাল খেলবে তারাই জিতবে।’

গত দুই ম্যাচে ব্যাটিং ভাল হয়নি। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটসম্যানরা ঘুরে দাঁড়াবে বলে আশা করেন তিনি। সাব্বির বলেন, ‘খারাপ দিন তো আসতেই পারে। আমরা টি-টোয়েন্টি ক্রিকেট এমনিতে কম খেলি। আশা করি ব্যাটিংয়ে ওভারকাম করতে পারব।’